'স্রষ্টার দোহাই, দ্রুত ব্যবস্থা নিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। ছবি: রয়টার্স
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। ছবি: রয়টার্স

আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাস আরও ভয়াবহ আকার ধারণ করেছে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ব্যস্ত নগরী নিউইয়র্ক। এ কারণে নগরীর মেয়র বিল ব্লাজিও আকুতি জানিয়েছেন, ‘আমার নগরীর জনগণ বিপন্ন। স্রষ্টার দোহাই, দ্রুত ব্যবস্থা নিন।’

কোভিড-১৯ এর ভয়াল থাবায় প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৫৬২ জনের মৃত্যু হয়েছে। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় প্রতি ঘণ্টার ব্যবধানে মারা গেছে ২৩ জন।

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭ হাজার ছাড়িয়েছে। এই মৃতের তালিকায় নতুন যোগ হয়েছে ৭১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক রাজ্যে। নিউইয়র্কে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। টুইন টাওয়ারে হামলায় নিহতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

মৃত্যুর মিছিলে বাংলাদেশিদেরও লাশের লাইনও দীর্ঘ হচ্ছে। ৩ এপ্রিল দেশটিতে আরও ৬ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৬২ জন বাংলাদেশির মৃত্যু হলো।

নিউইয়র্ক নগরীর মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, আসছে সপ্তাহে অবস্থা আরও নাজুক হবে। নগরপিতা, রাজ্য গভর্নরের আতঙ্কের বার্তা আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস কনফারেন্সে মানুষের স্থির থাকা দুরূহ হয়ে উঠেছে।

রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো জরুরি আদেশ জারি করেছেন। যেখানে ভেন্টিলেশন যন্ত্র আছে, সেখান থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের উঠিয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। মেয়র লাইসেন্সপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের নগরীর সংকটে এগিয়ে আশার জন্য অ্যালার্ট জারি করেছেন। নিউজার্সির গভর্নর রাজ্যে জাতীয় পতাকা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

৩ এপ্রিল মেয়র বিল ডি ব্লাজিও আমেরিকার সর্বত্র ডাক্তার ও নার্সদের তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছেন। এসব পেশাজীবীদের দ্রুত করোনাভাইরাস উপদ্রুত এলাকায় পাঠানোর জন্য প্রস্তুত রাখতে বলেছেন। আগামী সপ্তাহে নিউইয়র্ক, ডেট্রয়েট এবং লুইজিয়ানা নগরীর অবস্থা খুবই নাজুক হবে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিল ডি ব্লাজিও। সর্বত্র সেনা মোতায়েন না করলে এবং আগে কখনো করা হয়নি এমন কোনো ব্যবস্থা না দিলে অনেক মূল্যবান জীবন ঝরে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। আসছে সপ্তাহে নিউইয়র্ক নগরীর হাসপাতালে পাঁচ হাজারের বেশি লোক ইনটেনসিভ কেয়ারে থাকবে এবং তাদের কাছে পর্যাপ্ত ভেন্টিলেটর নেই বলে মেয়র জানিয়েছেন।

আতঙ্কিত মেয়র ব্লাজিও আকুতি জানিয়ে বলেছেন, ‘এখনো শান্তিকালীন অবস্থার মতো দেশ চলছে। অথচ আমার নগরীর জনগণ বিপন্ন। স্রষ্টার দোহাই, দ্রুত ব্যবস্থা নিন।’

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি নিউইয়র্কে অনেক সাহায্য করেছেন। নেভাল হাসপাতাল পাঠিয়েছেন, ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন। অন্য রাজ্যের দিকেও তাঁকে নজর রাখতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প সবাইকে মাস্ক ব্যবহার করার আহ্বান জানালেও নিজে ব্যবহার করবেন না জানিয়ে বলেছেন, হোয়াইট হাউসে তিনি মাস্ক পরে থাকবেন, এমন কথা চিন্তা করছেন না।

মার্কিন স্বাস্থ্য বিভাগ এখন বলছে, করোনাভাইরাস অন্যজনের সরাসরি কথা থেকেও ছড়াতে পারে। ছয় ফুট ছাড়াও ভাইরাসটি বাতাসে ২৭ ফুট দূরত্ব পর্যন্ত ভেসে থাকতে পারে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাস্থ্যবিমা থাক বা না থাক সবার জন্য চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আমেরিকায় থাকা কাগজপত্রহীন বা অবৈধ অভিবাসীদেরও বিনা মূল্যে এ চিকিৎসা দেওয়া হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এ নিয়ে তিনি অন্য সময় কথা বলবেন।

নিউইয়র্কের হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসক চৌধুরী সরোয়ারুল হাসান বলেন, নগরীর কোনো হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। করিডরে রোগী রাখা হয়েছে। জীবন বাজী রেখে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন। অনেকেই নিজেদের ঘরে না গিয়ে হাসপাতালে দিন রাত কাটাচ্ছেন। এসব স্বাস্থ্যসেবীরা নিজেদের, তাঁদের পরিবারের জীবনকে বিপন্ন করে সেবা চালিয়ে যাচ্ছেন। আমেরিকার হাসপাতালে প্রথমবারের মতো চিকিৎসকেরাও অসহায় বোধ করছেন। চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে জীবন রক্ষা করার সর্বোচ্চ প্রয়াস তাঁদের ব্যর্থ হচ্ছে।

চৌধুরী সরোয়ারুল হাসান আশঙ্কা করছেন, এই মহামারি সহসাই যাবে না। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও নাজুক হবে এবং দীর্ঘমেয়াদি এর জন্য লড়াই করার প্রস্তুতি নিতে হবে।

আরেক বাংলাদেশি চিকিৎসক নাহিদ খান বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের পর কোভিড অ্যান্টিবডি টেস্ট এর মধ্যেই অনুমোদন করা হয়েছে। ভাইরাসটি শরীরে আছে কিনা, সুস্থ হওয়ার পর অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা—এখন তা পরীক্ষা করা হচ্ছে।

এদিকে অবরোধের নিউইয়র্ক নগরীতে প্রায় দুই সপ্তাহ থেকে লোকজন কার্যত গৃহবন্দী। অনেকের ঘরেই খাবারের মজুত শেষ হয়ে আসছে। জরুরি খাদ্য সহযোগিতার জন্য অবশ্য প্রতিটি এলাকায় তৈরি খাবার দিচ্ছে বিভিন্ন সংস্থা ও জনপ্রতিনিধিরা।

দূরের রাজ্য থেকেও চিকিৎসা কর্মীদের আগমন ঘটছে নিউইয়র্কে। রাজ্যের অবসরে যাওয়া অনেক ডাক্তার, নার্স স্বেচ্ছাসেবায় এগিয়ে এসেছেন। বাইরে থেকে আসা লোকজনের থাকার জায়গা পর্যন্ত নেই। বাইরের রাজ্য থেকে সাহায্য করতে আসা এক চিকিৎসক নিজের গাড়িতে রাত কাটানো নিয়ে সংবাদও হয়েছে।

নিউইয়র্কে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে ভাইরাসের ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এবং এত মৃত্যুর জন্য নানা কথা উঠেছে। প্রবাসীরা ছোট ছোট ঘরে অনেক মানুষ থাকে। চাইলেও তারা সামাজিক দূরত্বের নিয়ম মানতে পারেনি। এ ছাড়া প্রবাসীবহুল এলাকায় হোটেল রেস্তোরাঁয় আড্ডা দিয়েছেন, দল বেঁধে নানা জটলায় যোগ দিয়েছেন, দাওয়াত খেয়েছেন এ বাড়ি-ও বাড়ি। এ কারণে শুরুর ধাক্কাতে অনেকেই আক্রান্ত হয়ে পড়েছেন। একের পর এক মৃত্যুর খবর আসলেও অনেকের সুস্থতার খবরও কমিউনিটিতে ব্যাপক প্রচার পাচ্ছে।

সরকারের নাগরিক সহযোগিতার জন্য লোকজন অপেক্ষা করছেন। ২০১৮ বা ২০১৯ সালের ট্যাক্স রিটার্ন না করলেও আইআরএস নিজেদের সিস্টেমে থাকা তথ্য থেকে নাগরিকদের অর্থ পাঠানোর দ্রুত ব্যবস্থা নিচ্ছে। লোকজন বেকারত্বের জন্য, ক্ষুদ্র ব্যবসার সহযোগিতার জন্য আবেদন করতে গিয়ে নানা জটিলতায় পড়ছেন। এসবের জন্য সাহায্য করার পর্যাপ্ত লোকজন পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকারের পুরোনো কম্পিউটার সিস্টেম এসব আবেদনের বহর সামাল দিতে পারছে না। অপেক্ষা ও ধৈর্য ধরার জন্য বলা হচ্ছে।