করোনায় গড়ে প্রতিদিন পাঁচজন মারা যায়। করোনাভাইরাসকে গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে সরকার তা নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু সড়ক দুর্ঘটনায় গত ১০ বছরে প্রতিদিন গড়ে ১৪ জন মানুষ মারা গেছেন। কিন্তু এটাকে সরকার জাতীয় সমস্যা বা মহামারি হিসেবে দেখছে না।
আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইনিশিয়েটিভ, সেবক ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সংলাপে এসব তথ্য উঠে আসে।
সংলাপে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরেন গবেষক কাজী আবুল আল আতাহিয়া। তিনি বলেন, ২০২১ সালে ৫ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ২৮৪ জন মারা যান। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে ৮৪ শতাংশই পঙ্গুত্বের শিকার। এই গবেষক আরও বলেন, করোনা মহামারিতে প্রতিদিন গড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। কিন্তু ১০ বছরে গড়ে প্রতিদিন ১৪ জন মারা গেলেও সড়ক দুর্ঘটনাকে মহামারি হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সামছুল হক নিরাপদ সড়ক গড়ে তুলতে দুটি বিষয়ের ওপর জোর দেন—প্রশিক্ষক নির্ভর লাইসেন্স প্রদান ও গাড়ির ফিটনেস যাচাইয়ের পদ্ধতির সংস্কার। দেশের বাইরে লাইসেন্স প্রদানের উদাহরণ টেনে বলেন, দক্ষ প্রশিক্ষক গড়ে তুলে তাদের অধীনে প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষকের তত্ত্বাবধানে লাইসেন্স দিতে হবে।
একটি সড়ক দুর্ঘটনার পর তিনি নিজে গিয়ে তদন্ত করেছেন জানিয়ে সামছুল হক বলেন, একটি বাসের দুজন যাত্রী মারা যায় এবং আরেক বাসের ১৬ জন মারা যান। মুখোমুখি সংঘর্ষের সময়ে যে বাসের ১৬ জন মারা যান সে বাসের সিটগুলো খুলে সব সামনে এসে পড়ে। অপর বাসটির সিটগুলো ঠিক ছিল। তিনি বলেন, ফিটনেস ছাড়া গাড়ি কীভাবে সড়কে নামে? যারা এই ধরনের গাড়ির ছাড়পত্র দেয়, তারাও দায়বদ্ধ। চালকের দায় দুর্ঘটনার মধ্যে থাকতে পারে কিন্তু এতগুলো প্রাণহানি ও ব্যবস্থাপনার যে সমস্যা তাতে অনেকের দায় আছে।
সামছুল হক বলেন, গাড়ি ফিটনেস সেন্টারে যেখানে দেওয়া হবে সেখানে সিসিটিভি লাগানো হোক, বিআরটিএ তা পর্যবেক্ষণ করতে পারে, তার লোকজন ঠিকমতো কাজ করছে কি না।
চালকদের পেশাটাকে মর্যাদার জায়গায় আনতে হবে বলে মন্তব্য করেন সামছুল হক। তিনি বলেন, তাহলে এখানে শিক্ষিতরাও আসবে।
যত্রতত্র এলইডি বাতি লাগানোর সমালোচনা করে সামছুল হক বলেন, কতটুকু আলোতে চালকের চোখ ঝলকাবে না, তা বিবেচনায় নিতে হবে। এ বিষয়ে বিজ্ঞানসম্মতভাবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।
সভাপতির বক্তব্যে সেবকের সভাপতি খান মোহাম্মদ বাবুল বলেন, ডোপ টেস্ট ও লাইসেন্স নবায়নের পদ্ধতির সংস্কার করতে হবে। ডোপ টেস্ট সড়কে গিয়ে এবং লাইসেন্স নবায়ন ব্যাংকের মাধ্যমে করার আহ্বান জানান।
সমন্বয়ক পার্থ সারথি দাসের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের পরিচালক নুরুন্নবী শিমুল, রোড সেফটি অ্যালায়েন্সের প্রতিনিধি আবদুল ওয়াহেদ, মোটর ড্রাইভিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাশার প্রমুখ।