অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার
অপহরণের ১২ ঘণ্টা পর কক্সবাজারের মহেশখালীতে মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গোদারপাড় পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
কালারমারছড়া আদর্শ দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইব্রাহিম জানান, গতকাল সকালে চিকনিপাড়া থেকে অটোরিকশায় করে মাদ্রাসায় আসার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি মাদ্রাসার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহেশখালী থানার ওসিকে জানানো হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অপহৃত ছাত্রীকে উদ্ধারের জন্য পাহাড়ি এলাকায় কয়েক দফা অভিযান চালানো হয়। রাত নয়টার দিকে পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।