গোপালগঞ্জে ঘুমের মধ্যে দুই বোনকে ছুরিকাঘাত
গোপালগঞ্জ সদর উপজেলা এলাকায় গত শনিবার রাতে ঘুমের মধ্যে মাবিয়া খাতুন (১৮) ও সুফিয়া খানম (১৪) নামের দুই বোনকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ গত রোববার রাতে মাবিয়ার স্বামী ফয়েজ চৌধুরীকে গ্রেপ্তার করেছে। মাবিয়া ও সুফিয়া বর্তমানে গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত দুই বোন পরিবারের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের গোবরা গ্রামে থাকেন। মাবিয়া এবার স্থানীয় একটি কারিগরি কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হন। আর সুফিয়া স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে বাড়ির একটি কক্ষে মাবিয়া ও সুফিয়া ঘুমিয়ে ছিলেন। এ সময় কয়েকজন জানালার গ্রিল কেটে ওই কক্ষে ঢুকে দুই বোনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার-চেঁচামেচি শুনে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর তাঁদের বাবা আবদুল লতিফ মাবিয়ার স্বামী এবং একই গ্রামের বাসিন্দা ফয়েজ চৌধুরীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদ বলেন, আসামি ফয়েজকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দুই বোনের বাবা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ছয় মাস আগে তাঁর মেয়ে মাবিয়াকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেন ফয়েজ। বিয়ের পর মাবিয়া বাবার বাড়িতেই থাকতেন। কিন্তু ফয়েজ মাদকাসক্ত হওয়ায় মাবিয়াকে আর শ্বশুরবাড়িতে যেতে দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ফয়েজ তাঁর সহযোগীদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন আবদুল লতিফ।