
বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দাবি করা অতিরিক্ত চাঁদা দিতে না চাওয়ায় আগৈলঝাড়া অটো টেম্পো মালিক ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ দুই শ্রমিককে থানায় মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার ওই ঘটনা ঘটে।
এদিকে শ্রমিকদের মারধরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকেরা ওই দিন বিকেলে থানা ঘেরাও করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। এ ছাড়া এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব পথে গতকাল বুধবার থেকে টেম্পো, মাহেন্দ্র, ইজি বাইকসহ সব ধরনের হালকা যানবাহন চলাচলে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
অটো টেম্পো মালিক ও শ্রমিক ইউনিয়ন ও আহত শ্রমিকদের সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ায় অটো টেম্পো মালিক ও শ্রমিক ইউনিয়নের কাছ থেকে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রতি মাসে তিন হাজার টাকা মাসোহারা নেন।
থানার পুলিশ সদস্য (কনস্টেবল) মো. শাহজাহান মাসের তিন তারিখে ওই চাঁদা আদায় করেন।
অটো টেম্পো মালিক ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইদ্রিস ফকির অভিযোগ করেন, ওসি মনিরুল জুলাই থেকে চাঁদার টাকার পরিমাণ বাড়িয়ে মাসে ২০ হাজার টাকা দাবি করেন। তাঁরা ওই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কয়েক দিন ধরে ওসির কথিত ক্যাশিয়ার মো. শাহজাহানের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। একপর্যায়ে গত মঙ্গলবার অতিরিক্ত চাঁদা দেওয়া সম্ভব নয় বলে শ্রমিক সংগঠনের নেতারা ওসিকে জানিয়ে দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে তাঁকে, সংগঠনের সদস্য সিদ্দিক ফকির (৩৪) ও সহিদ তালুকদারকে (৩৮) থানায় ডেকে পাঠান ওসি। এরপর সেখানে চাঁদার টাকা বাড়ানো নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওসি তাঁদের লাঠি দিয়ে পেটাতে শুরু করেন।
চাঁদা নেওয়া ও মারধরের অভিযোগ অস্বীকার করে ওসি মনিরুল ইসলাম জানান, থানা ফটকে গাড়ি রাখার কারণে তাঁদের ডেকে গালমন্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারধরের ঘটনা আগৈলঝাড়া উপজেলা সদর ও শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়রা ঘটনার প্রতিবাদে আগৈলঝাড়া থানার মূল ফটকে অবস্থান নিয়ে থানা ঘেরাও করেন। সেখানে তাঁরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
সংগঠনের সভাপতি মাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা শ্রমিকদের নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি ওসির শাস্তি দাবি করেন। সংগঠনের নেতা বাচ্চু ফকির এরপর ধর্মঘটের ডাক দেন।