বাংলা ভাইয়ের উপদেষ্টা গ্রেপ্তার

জেএমবির দ্বিতীয় শীর্ষ নেতা ফাঁসির আদেশ কার্যকর হওয়া সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের উপদেষ্টা লুৎফর রহমানকে (৫৬) গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
লুৎফর নওগাঁর আত্রাই উপজেলার মোল্লাহ আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষক ও রাজশাহীর বাগমারার দক্ষিণ মাঝগ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ১০-১২ জন ব্যক্তি নাম গোপন রাখার শর্তে জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে র্যা ব-৫-এর একটি দল বাগমারার শিকদারী বাজারে আসে। এ সময় লুৎফর রহমান ওই বাজারে অবস্থান করছিলেন। পরে র্যা বের সদস্যরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁকে গাড়িতে নিয়ে চলে যান।
র্যা ব বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) জামান আল নাসের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, র্যা ব-৫-এর রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা লুৎফরকে গ্রেপ্তার করেছেন। র্যা ব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামানের নেতৃত্বে লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়।
লুৎফর রহমানের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। ওই মামলায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
রাজশাহীতে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে র্যা ব জানায়, লুৎফর রহমান জেএমবির তালিকাভুক্ত সদস্য এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি সম্প্রতি এলাকায় ফিরে জঙ্গিদের সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে তারা জানতে পেরেছে।
২০০৪ সালে বাগমারাসহ রাজশাহী অঞ্চলে বাংলা ভাই বাহিনীর অভিযান চলাকালে লুৎফর রহমান বাংলা ভাইয়ের উপদেষ্টা ছিলেন।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, লুৎফর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে র্যা ব থানায় দিয়েছে। তিনি জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) তালিকাভুক্ত জেএমবি সদস্য। এর আগেও তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।