বিমানবন্দরে আটকে গেলেন গোলাম আযমের স্ত্রী
তথ্য গোপন করে গোলাম আযমের স্ত্রী সৈয়দা আফিফা আযম ও তাঁদের আরেক আত্মীয়কে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা এক নারী যুগ্ম সচিব। তাঁর নাম দেলেনা বেগম। সর্বশেষ তিনি স্থাপত্য অধিদপ্তরে কর্মরত ছিলেন।
সৌদি আরব যাওয়ার উদ্দেশে গতকাল বুধবার বিকেলে ভিআইপি লাউঞ্জ হয়ে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে বিষয়টি ধরা পড়ে। এরপর আফিফা আযম ও তাঁর ভাইয়ের ছেলে লুৎফর কবীরের বিদেশযাত্রা আটকে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরে তাঁদের ফেরত পাঠায় অভিবাসন পুলিশ।
এ বিষয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারেন। পিআরএলে থাকা যুগ্ম সচিব দেলেনা বেগম বিদেশগামী তাঁর দুই আত্মীয়কে বিদায় জানাতে তিনিসহ তিনজনের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি নেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক আরও বলেন, তিনি অনুমতি চাওয়ার চিঠিতে আত্মীয়দের নাম উল্লেখ করেননি। এরপর দেলেনা বেগম দুজনকে নিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেন। পরে অভিবাসন পুলিশ পাসপোর্ট পরীক্ষা করতে গিয়ে জানতে পারে যে তাঁদের একজন গোলাম আযমের স্ত্রী।
পরে প্রথম আলোর পক্ষ থেকে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে দেলেনা বেগম কিছু বলতে রাজি হননি।
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আজীবন সাজাপ্রাপ্ত গোলাম আযম গত বছর মারা গেছেন।