ভৈরবে গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বন্যা আক্তার (২৬) নামে এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রাবারকান্দি থেকে বন্যার লাশ উদ্ধার করে পুলিশ।
বন্যা উপজেলার রাবারকান্দি হাজিবাড়ির মৃত শামসুদ্দিনের মেয়ে।
বন্যার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে নিকলীর আঠারবাড়িয়া গ্রামের ওমর ফারুকের সঙ্গে বন্যার বিয়ে হয়। দাম্পত্যবিরোধের জন্য বন্যা প্রায় চার মাস ধরে বাবার বাড়িতে বাস করছিলেন। গত মঙ্গলবার রাত থেকে বন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল সকাল ১০টার দিকে বন্যার বাড়ির লোকজন হাজিবাড়ির সামনে একটি বস্তা দেখতে পান। বস্তা দেখে বন্যার পরিবারের লোকজনের সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে বস্তার ভেতর থেকে বন্যার লাশ উদ্ধার করে।
বন্যার ভাই কাজল মিয়া অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর থেকে তাঁর বোনকে নানা অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ওমর ফারুক।
এ ব্যাপারে ওমর ফারুক বলেন, বন্যার সঙ্গে তাঁর দাম্পত্যবিরোধ ছিল না। বেড়ানোর উদ্দেশ্যে কিছুদিন ধরে বন্যা তাঁর বাবার বাড়ি যান। কেন ও কারা বন্যাকে খুন করেছে, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা বলেন, বন্যার বুকে ও হাতে কালো দাগের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে বন্যাকে হত্যা করা হয়ে থাকতে পারে।