মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

বুদ্ধিপ্রতিবন্ধী যুবক ও এক নারীকে মারধরের ঘটনায় করা মামলার আসামিরা জামিনে বেরিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই মামলার বাদী নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মামলার বাদী হলেন লালমনিরহাট সদর উপজেলার সিঙ্গাদার গ্রামের মানিক মিয়া। ১১ সেপ্টেম্বর তিনি জিডিটি করেন। জামিন নিয়ে আসা ব্যক্তিরা হলেন একই গ্রামের হেলাল উদ্দিন (৩০), নুরনবী (২৬), দুলাল হোসেন (৪০) ও বেলাল হোসেন (৩৫)।
জিডিতে উল্লেখ করা হয়, আসামিরা ১৬ আগস্ট লালমনিরহাটের আদালত থেকে জামিন নেন। এরপর ২ সেপ্টেম্বর সন্ধ্যায় তাঁরা বাদীর বাড়ির সামনে এসে মামলা তুলে নিতে হুমকি দেন। মামলা তুলে না নিলে বাদী, তাঁর পরিবারের সদস্য ও মামলার সাক্ষীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
এর আগে মামলার এজাহারে বলা হয়, জমিতে সেচের পানি না দেওয়াকে কেন্দ্র করে গত ৭ আগস্ট আবুল কাশেম ও তাঁর লোকজনের হামলায় মানিক মিয়ার বুদ্ধিপ্রতিবন্ধী ভাই নুর আলম (২৫) ও বোন আলো বেগম (৩০) আহত হন। ১২ আগস্ট আবুল কাশেমসহ নয়জনকে আসামি করে মানিক মিয়া লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ১২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দেন। এতে সাতজন আসামি অভিযোগ থেকে অব্যাহতি পান এবং এজাহারভুক্ত দুই আসামির বিরুদ্ধে ধারা সঠিক হয়নি বলে উল্লেখ করা হয়।
এসআই শাহাজান আলী বলেন, ‘আহত ব্যক্তিদের চিকিৎসা সনদ ও সরেজমিন তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছি।’ বাদীকে হুমকি দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি জেনেছি, আদালতের নির্দেশনার আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বাদীপক্ষ চাইলে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দাখিল করতে পারবেন।’
আলো বেগম বলেন, ‘মুই একজন নারী, মোর ভাই বুদ্ধিপ্রতিবন্ধী। ওমরা সেদিন হামাকগুলাক লাঠিসোঁটায় মারি আহত করল। হামরা পাঁচ-ছয় দিন হাসপাতালত থাকি চিকিৎসা নিলাম। এলা শুনবার লাগছি, পুলিশ নাকি দুজন বাদে ওমারগুলাক মামলা থাকি বাদ দিছে। দেশে কী বিচার নাই?’
লালমনিরহাট সদর থানার এএসআই বাবলুর রহমান জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত হেলাল উদ্দিন বলেন, ‘আদালত থেকে জামিন পাওয়ার পর আমরা বাদীপক্ষের লোকজনকে মামলাটি আপস-মীমাংসার জন্য নিজেরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অনুরোধ করেছি। কোনো হুমকি-ধমকি দিই নাই। বাদীপক্ষ এতে রাজি নয় বলে আমাদের জানিয়েছে।’