স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী পলাতক

ভোলার লালমোহন পৌরসভার উত্তর বাজার এলাকায় গৃহবধূ মাহমুদা মেহের তিথিকে (২৬) যৌতুকের দাবিতে স্বামীর পরিবার পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গৃহবধূর লাশ লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ফেলে রেখে পালিয়েছে স্বামীর পরিবার।

লালমোহন থানার ওসি হ‌ুমায়ূন কবির বলেন, গতকাল শুক্রবার ভোরে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মারা যাওয়া গৃহবধূর বাবা কামাল উদ্দিন মাস্টার বাদী হয়ে জামাতা মেহেদি হাসান রুবেলকে প্রধান আসামি করে গত বৃহস্পতিবার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিথির সমস্ত শরীরে চাকা চাকা কালো দাগ রয়েছে।

মেহেদি হাসান জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি লালমোহন শহরের মুদি ব্যবসায়ী আজগর আলীর ছেলে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের করিম হাওলাদার বাড়ির কামাল উদ্দিন মাস্টার এজাহারে লেখেন, মৃত্যুর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিথি তাঁর মায়ের কাছে মুঠোফোনে মেহেদি হাসানকে একটি দামি মোটরসাইকেল কিনে দেওয়ার অনুরোধ জানান। তখনই বাবার পরিবারের সবাই বুঝতে পারেন কিছু একটা ঘটেছে।