১৭ বছর আগের হত্যায় পলাতক দম্পতিকে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর আগের খুনের মামলায় চট্টগ্রামে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনালের চট্টগ্রামের বিচারক মোহাম্মদ সেলিম মিয়া এ রায় দেন।
এই আসামিরা হলেন, স্বামী নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী রহিমা বেগম। আসামিরা বর্তমানে মিরসরাইয়ের জোরারগঞ্জ সদরে বসবাস করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম  প্রথম আলোকে বলেন, আদালত দুই আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

আদালত সূত্র বলছে, ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি পূর্বশত্রুতার জের ধরে আসামিরা প্রতিবেশী আবুল কালামের বাড়িতে গিয়ে ঝগড়া বাধায়। একপর্যায়ে দা ও বঁটি দিয়ে আবুল কালামকে আসামিরা কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় মিরসরাই থানায় হত্যা মামলা করা হলে তদন্তকারী কর্মকর্তা দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগ গঠনের পর আদালতে ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত আজ রায় দেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সেকান্দর আলী প্রথম আলোকে বলেন, দুই আসামি পলাতক থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।