আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা

গ্রেপ্তার অটোরিকশাচালক সাগর শেখছবি: পিবিআইয়ের সৌজন্যে

রাজধানীর উত্তর পল্লবীর একটি আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশকে কেন্দ্র করে কর্তব্যরত নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক সাগর শেখের জড়িত থাকার সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েত হোসেন মান্নান। মামলার অগ্রগতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযুক্ত অটোরিকশাচালক সাগর শেখকে গ্রেপ্তার করেছে পিবিআই।

সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিয়ে এনায়েত হোসেন বলেন, ১৩ এপ্রিল উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী সালাউদ্দিন (৫৫)। দুপুরের দিকে সাগর শেখ ওরফে বাবু (৩৭) নামে এক অটোরিকশাচালক অনুমতি ছাড়া ওই এলাকায় প্রবেশের চেষ্টা করেন। নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া অটোরিকশা প্রবেশ করা যাবে না জানিয়ে তাঁকে বাধা দেন সালাউদ্দিন।

পিবিআই জানায়, এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সাগর শেখ ক্ষিপ্ত হয়ে সালাউদ্দিনকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি মুখ ও মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৪ এপ্রিল বিকেলে তাঁর মৃত্যু হয়।

এনায়েত হোসেন আরও বলেন, এ ঘটনায় নিহত সালাউদ্দিনের স্ত্রী হালিমা বেগম (৫০) পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে পিবিআই ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুরের সেকশন–১১ এলাকা থেকে অভিযুক্ত সাগর শেখকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে সাগর শেখ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আদালতেও জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত এখনো চলমান।