ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় দালালদের দেওয়া মুঠোফোন নম্বরে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন ৭০ বছর বয়সী আবদুস সামাদ। কথা ছিল, টাকা পেলেই ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা নিয়েও কথা রাখেনি দালালেরা। উল্টো ছেলেকে উদ্ধারের আশ্বাস দিয়ে বাবার কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
আজ শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। সিআইডি বলছে, ভুক্তভোগী আবদুস সামাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামে। তাঁর ছেলে মো. সাইফুলের বয়স ৩৯ বছর।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে সিআইডি। তাঁরা হলেন, সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
সিআইডি জানায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান তিনি। কিন্তু সেখানে গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন।
তদন্ত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে লিবিয়ার একটি মুঠোফোন নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মুঠোফোনে কল আসে। ফোনে জানানো হয়, সাইফুল তাঁদের হেফাজতে আটক আছেন। তাঁকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাঁকে হত্যা করা হবে।
অপহরণকারীরা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে পরিবারের কাউকে কথা বলতে দেওয়া হবে না।
সিআইডি আরও জানিয়েছে, ছেলের জীবন বাঁচাতে টাকা জোগাড়ের চেষ্টা শুরু করেন পরিবারের সদস্যরা। গত বছরের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া একাধিক মুঠোফোন নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠান তাঁরা। টাকা পাঠানোর পর অন্তত ছেলের সঙ্গে কথা বলতে পারবেন, এমন আশায় ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।
এরপর সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সাইফুলের বিষয়ে সব তথ্য তাঁর কাছে আছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে তাঁকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনবেন। এ আশ্বাস দিয়ে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এরপর অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আবদুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবার ছেলেকে উদ্ধারের কথা বলে তাঁর কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক আছেন। তাঁদের কাছ থেকেই আবদুস সামাদের মুঠোফোন নম্বর সংগ্রহ করা হয়েছে।
মো. ছুফিউল্লাহ বলেন, ছেলের জীবন নিয়ে উৎকণ্ঠার মধ্যে একের পর এক মুক্তিপণের দাবি ও প্রতারণার মুখে পড়েন আবদুস সামাদ। শেষ পর্যন্ত ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকে তাঁর ও সাইফুলের স্ত্রীর মুঠোফোনে আর কোনো কল আসেনি।
এ ঘটনায় প্রতারিত হওয়ার পাশাপাশি ছেলের জীবন নিয়ে শঙ্কিত আবদুস সামাদ গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে করা মামলাটির বাদী তিনি। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়।
সিআইডি জানিয়েছে, মামলার তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় গতকাল নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি। একই সঙ্গে সাইফুলকে লিবিয়ায় কোথায় আটক রাখা হয়েছে এবং তাঁকে উদ্ধারের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত দেশি ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও চলছে।
বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে সিআইডি। মামলাটির তদন্ত চলছে।