মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানায় বনানী থানা-পুলিশছবি: দীপু মালাকার

রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে চারজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তারা বলছে, অন্যদের আটকের চেষ্টা করলে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় বনানী থানা-পুলিশ।

পুলিশ বলছে, আটক ব্যক্তিরা হলেন সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

মিছিলের চেষ্টাকালে একজনকে স্থানীয় জনতা গণপিটুনি দেন বলে জানায় বনানী থানা-পুলিশ
ছবি: দীপু মালাকার

বনানী থানা–পুলিশ সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট–সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ৩০-৪০ জন জড়ো হন। তাঁরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন স্থানীয় জনতা একজনকে গণপিটুনি দেন। তাঁকে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আরও তিনজনকে আটক করে বনানী থানার পুলিশ। বাকিদের আটকের চেষ্টা করলে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

মিছিলের চেষ্টা করা অন্য ব্যক্তিরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান বলে জানায় বনানী থানা-পুলিশ
ছবি: দীপু মালাকার

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করার জন্য জড়ো হচ্ছিলেন। তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে এসেছিলেন। তাঁদের মধ্যে মোট চারজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ার সময় একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটান। স্থানীয় জনতার গণপিটুনিতে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বনানী থানা–পুলিশ।