পাওনা নিয়ে বিরোধ, রাজধানীর ভাটারায় লাঠির আঘাতে নিরাপত্তাকর্মী নিহত

লাশপ্রতীকী ছবি

রাজধানীর ভাটারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তর্কাতর্কি থেকে এক পর্যায়ে লাঠির আঘাতে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার একজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

নিহত রাকিব হাসান (২৪) একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমনী মহন গ্রামে। ঢাকার জোয়ার সাহারা এলাকায় থাকতেন তিনি।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস জানান, বুধবার বিকেলে কুড়িল বাজার সড়কে একই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রাকিব হাসানের সঙ্গে তাঁর সহকর্মী শাকিল আলীর বিরোধ হয়। ১৩ হাজার টাকা লেনদেন নিয়ে বিরোধ থেকে এক পর্যায়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি শুরু হয়।

পুলিশ জানায়, বিরোধের এক পর্যায়ে পাওনাদার শাকিল আলী ও তাঁর সহযোগী মাসুদ রানা রাকিবকে মারধর করেন। শাকিল কাঠের লাঠি দিয়ে রাকিবের বাঁ কানের নিচে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সুমন বিশ্বাস বলেন, রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর প্রধান অভিযুক্ত শাকিল আলী পালিয়ে গেলেও তাঁর সহযোগী মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।