রাজধানীতে ৯ তলা থেকে গৃহকর্মীকে ফেলে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

রাজধানীর রূপনগর এলাকার একটি নয়তলা ভবন থেকে পড়ে তামান্না আক্তার (১৮) নামের এক গৃহকর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গৃহকর্তা আক্তারুজ্জামানের স্ত্রী অরুনিমা হত্যার উদ্দেশ্যে তামান্নাকে ধাক্কা দিয়ে নিচে ফেলেন। ওই গৃহকর্মী রূপনগরের আরামবাগ এলাকায় সৈয়দ আক্তারুজ্জামানের বাসায় চার-পাঁচ মাস ধরে কাজ করে আসছিলেন।

এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে ওই বাসার রেলিংবিহীন ছাদ থেকে তিনি (তামান্না) পড়ে যান। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাচেষ্টা, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই গৃহকর্মীর পরিবার একটি অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

গৃহকর্তা আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম। পরে বাসার নিরাপত্তাকর্মী ফোন করে একটি মেয়ের ভবন থেকে পড়ে যাওয়ার বিষয়ে জানায়। দ্রুত নিচে গিয়ে দেখি, আমাদের গৃহকর্মী তামান্না। পরে পুলিশের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।’