সোহরাওয়ার্দী উদ্যানে গান গাইতে গাইতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৭

সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানের একটি দৃশ্যছবি: ভিডিও থেকে নেওয়া

‘এক আকাশের তারা তুই একা গুনিসনে...’ প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় এই গান গাইছিলেন কয়েকজন যুবক। তাঁদের মধ্যে একজন বাজিয়ে যাচ্ছিলেন গিটার, বাকিরা তালি দিয়ে মেলাচ্ছিলেন তাল। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর আড্ডার মেজাজে হাঁটতে হাঁটতে একপর্যায়ে তাঁরা মাদক সেবনরত এক ব্যক্তির কাছাকাছি পৌঁছান। এর পরের দৃশ্যটি ছিল চমকে দেওয়ার মতো—গান গাইতে থাকা যুবকেরা হঠাৎ ওই ব্যক্তির হাতে পরিয়ে দিলেন হাতকড়া।

ব্যতিক্রমী এই মাদকবিরোধী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা-পুলিশের একটি দল সাদাপোশাকে এ অভিযান চালায়। এ সময় মাদকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত অভিযান চালানো হয়। কিন্তু অনেক সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ও সেবনকারীরা পালিয়ে যায়। এ কারণে এবার সাদাপোশাকে নতুন কৌশলে অভিযানের পরিকল্পনা করা হয়।’

ওসি জানান, শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) খোকন মিয়ার নেতৃত্বে ১০ জনের একটি দল এই অভিযানে অংশ নেয়। তাঁদের মধ্যে তিন-চারজন গান গাইতে গাইতে উদ্যানের ভেতর ঘোরাফেরা করতে থাকেন। এভাবে তাঁরা মাদক সেবনকারীদের একদম কাছাকাছি পৌঁছে যান এবং কোনো সুযোগ না দিয়েই তাঁদের গ্রেপ্তার করেন। পুরোটা সময় গান চলতে থাকায় আশপাশের অন্য মাদক কারবারিরাও প্রথমে বুঝতে পারেননি যে কী ঘটছে।

ভিডিওতে যে কনস্টেবলকে গিটার বাজাতে দেখা গেছে, তাঁর নাম মামুন। পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘অভিযানকারী দলটির কেউই প্রকৃতপক্ষে সংগীতের সঙ্গে যুক্ত নন। বেসুরো গেয়ে আর বেতালে গিটার বাজিয়েই তাঁরা এই কৌশল সফল করেছেন। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের এই ভিন্নধর্মী উদ্যোগ প্রশংসিত হচ্ছে।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গান গাওয়ার ফাঁকেই পুলিশ সদস্যরা মাদক সেবনকারীদের তল্লাশি করে একটি হাতব্যাগ থেকে গাঁজা উদ্ধার করছেন। শাহবাগ থানা জানিয়েছে, এ ধরনের ব্যতিক্রমী অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।