ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার যুবক কারাগারে

কারাগারপ্রতীকী ছবি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসে গ্রেপ্তার হওয়া অর্ণব দাসকে (৩২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকাল ১০টার দিকে অর্ণবকে আটক করা হয়। এই যুবক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে পুলিশ দাবি করে। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এবং অর্ণবকে গ্রেপ্তার দেখান।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য। তাঁরা পরস্পর যোগসাজশে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে মিছিলে সমবেত হয়ে দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জনজীবন বিপন্ন করার চেষ্টা করেন।

পরে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম।

আরও পড়ুন

আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রকাশ করেছেন। আসামির কাছ থেকে পাওয়া তথ্য ও নাম–ঠিকানা যাচাই–বাছাই করা হচ্ছে। আসামিদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

পুলিশ আরও জানায়, আসামি অর্ণবসহ ১০০ থেকে ১৫০ জনের বেশি সাদা হায়েস মাইক্রো গাড়িতে মিছিল করার জন্য সমবেত হন।

এদিন আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শুনানির সময় তাঁকে হাজতখানায় রাখা হয়। আদালতের এজলাসে হাজির করা হয়নি।