‘প্রক্সিতে’ লিখিত পরীক্ষায় পাস, চার চাকরিপ্রার্থীকে পুলিশে দিল মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে চারজন হয়েছেন আটক। আইনানুগ ব্যবস্থা নিতে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজেরা লিখিত পরীক্ষায় অংশ না নিয়ে অন্য ব্যক্তিদের সহায়তায় ‘প্রক্সিতে’ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়কের শূন্য পদে জনবল নিয়োগের জন্য ১৯ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১০৭ জন প্রার্থী নির্বাচিত হন। ২৪, ২৫ ও ২৬ জুন মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য সময় নির্ধারণ করা হয়। এর মধ্যে আজ বৃহস্পতিবার নির্ধারিত ৩৬ জন প্রার্থীর মধ্যে ৩০ জন অংশ নেন। তাঁদের মধ্যে চার প্রার্থী মৌখিক পরীক্ষায় আশানুরূপ পারদর্শিতা দেখাতে ব্যর্থ হন এবং লিখিত পরীক্ষার উত্তরপত্রে তাঁদের হাতের লেখার সঙ্গে মিল না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তাঁরা স্বীকার করেন, তাঁরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ না করে ‘প্রক্সিতে’ পরীক্ষায় উত্তীর্ণ হন। তখন লিখিতভাবে দোষ স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারজনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোমিনুল ইসলাম, সোহেল রানা, মো. রোমান ও মামুন মিয়া।
আটক ব্যক্তিদের শাহবাগ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।