ছিনতাইয়ের সময় পুলিশ দেখলেই ময়লা ছুড়ে পালান তাঁরা
ছিনতাই করেন তাঁরা। কিন্তু ছিনতাইয়ের সময় পুলিশের চোখে পড়ে গেলে রাস্তায় পায়খানা করেন। এরপর সেগুলো নিজের গায়ে মাখেন, ছুড়ে মারেন আশপাশের মানুষ ও পুলিশ সদস্যদের দিকে। এভাবে ছিনতাইয়ের সময় পুলিশের হাতে ধরা পড়ার পরও পালাতে সক্ষম হন।
সংঘবদ্ধ হয়ে এভাবে ছিনতাই করেন এই চক্রের সদস্যরা। সোমবার রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনটি চাকুও জব্দ করা হয়েছে।
ছিনতাইকারী এই চক্রের গ্রেপ্তার পাঁচ সদস্য হলেন মো. সুমন সেখ (৩০), মো. আবদুল মতিন (৩০), মো. নয়ন (২৩), মো. বাবুল (২৮) ও মো. ইমরান সরদার (১৯)। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন গণপরিবহনে জানালার পাশে বসা যাত্রীদের নিশানা করে মুঠোফোন, মানিব্যাগ বা ঘড়ি ছিনতাই করতেন। কেউ বাধা দিলে চাকু দিয়ে আঘাত করতেন তাঁরা।
এ ছাড়া গ্রেপ্তার অন্য তিন ব্যক্তি হলেন মো. শাহিন (২৬), ইব্রাহিম মিয়া (৩৮) ও রুবেল প্রকাশ ওরফে লালাপো (২৫)। মিরপুর থানা-পুলিশ বলেছে, এই তিনজনের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পৃথক অভিযানে মিরপুরের সনি সিনেমা হল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।