ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় জানতে সহযোগিতা চায় পুলিশ
রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতনামা এক রিকশাচালকের পরিচয় শনাক্ত করতে সহযোগিতা চেয়েছে পুলিশ। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ২০ বছর। পুলিশ বলছে, তাঁর পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়া হলেও এখনো তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাবতলীয় আল্লাহর দান হোটেলের সামনে ছুরিকাঘাতে মারা যান তিনি। দারুসসালাম থানা সূত্রে জানা যায়, হোটেলের সামনে দুই ব্যক্তির সঙ্গে ওই রিকশাচালকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে যেতে চাইলে ওই দুজন তাঁকে আবার ডেকে নেন। পরে কথাবার্তার এক পর্যায়ে তাঁর পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। ছুরিকাঘাতের পর সংবাদ পেয়ে দারুসসালাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই রিকশাচালকের সঙ্গে দুজনের বাগ্বিতণ্ডা এবং পরে তাঁকে ডেকে নেওয়ার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ছুরিকাঘাতকারী দুজন ওই রিকশাচালকের পরিচিত হতে পারেন।
পুলিশ বলছে, নিহত যুবক প্রায় এক মাস আগে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। দারুসসালাম এলাকার একটি গ্যারেজ থেকে পায়ে চালিত রিকশা ভাড়া নিয়ে চালাতেন। তবে তিনি গ্যারেজেও নিয়মিত আসতেন না। রাতে বাইরেই থাকতেন। তাঁর নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, সিআইডি ও পিবিআইয়ের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে এখনো পরিচয় জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, তাঁর জাতীয় পরিচয়পত্র ছিল না। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিচয় পেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ তথ্য জানলে দারুসসালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান খাঁনের (০১৭১৭৭৮৯৯০৩) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তরিকুল ইসলামের (০১৭১১৩৪৬৭৩৮) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।