ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির ‘জিরো টলারেন্স’ ঘোষণা

আইজিপি মো. আলী হোসেন ফকিরছবি: বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে নেওয়া

চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

আজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে ভার্চ্যুয়ালি সব জেলার পুলিশ সুপারের সঙ্গে আইনশৃঙ্খলা–সংক্রান্ত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে তৎপরতা বাড়াতে হবে।

আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার নির্দেশনা দিয়ে আইজিপি বলেন, ঈদে যানজট রোধে ব্যবস্থা নিতে হবে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে।

নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, যাতে তাঁরা হাসিমুখে ফিরতে পারেন। মানুষের সঙ্গে সদাচরণ করে আস্থা অর্জনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি বাড়াতে সচেষ্ট থাকতে হবে। নিরপরাধ মানুষকে কোনোভাবেই হয়রানি করা যাবে না।