চারজনকে কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‌্যাবের হাতে গ্রেপ্তার পলাশ গাজী
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি পলাশ গাজী ওরফে জালাল গাজী ওরফে দাঁতভাঙা পলাশকে (৪১) গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

গতকাল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি।

র‍্যাব বলছে, দেশের বিভিন্ন স্থানে হত্যাসহ ১০টির বেশি মামলার আসামি পলাশ। একাধিক মামলায় তাঁর সাজা হয়েছে। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পলাশকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব বলছে, তিনি একযুগ ধরে বিভিন্ন অপরাধে জড়িত। তিনি ভাড়াটে সন্ত্রাসী হিসেবেও কাজ করতেন। ২০১৪ সালে পাঁচ লাখ টাকা ও এক বিঘা জমির বিনিময়ে তিনি ও তাঁর সহযোগীরা গভীর রাতে ভূরুঙ্গামারীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করেন। এই মামলায় ২০২১ সালে পলাশসহ ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তবে পলাশ ছিলেন পলাতক।

সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গ্রেপ্তার পলাশ একাধিক হত্যায় দণ্ডপ্রাপ্ত আসামি। বগুড়ায় এক মাইক্রোবাসচালককে হত্যার দায়ে গত নভেম্বরে পলাশসহ ৯ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। ২০১৫ সালের জুলাই মাসে বগুড়ার শেরপুরের মির্জাপুরে মাইক্রোবাসচালক নুরুল হককে হত্যা করেছিলেন পলাশ ও তাঁর সহযোগীরা। পরে তাঁরা মাইক্রোবাসটি ছিনিয়ে নেন।

খন্দকার আল মঈন বলেন, পলাশের বিরুদ্ধে পটুয়াখালীতে হত্যাচেষ্টা, গাজীপুরের সড়কে ডাকাতির প্রস্তুতির মামলা, রাজধানীর মতিঝিলে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি ও অস্ত্র মামলা, বেপরোয়া গাড়ি চালিয়ে একটি হত্যাসহ ১১টি মামলা রয়েছে।

পলাশ সম্পর্কে র‍্যাব আরও বলে, ১৯৯০ সাল থেকে নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি গ্যারেজে কাজ করতেন পলাশ। কিছুদিন ট্রাকচালকের সহকারীর কাজ করেছেন। ১৯৯৫ সাল থেকে তিনি কাভার্ডভ্যান চালানো শুরু করেন। ২০০৯ সালে তিনি একটি পুরোনো মাইক্রোবাস কেনেন মাইক্রোবাস ব্যবহার করে তিনি বিভিন্ন জায়গায় মাদকের চালান পৌঁছে দিতেন। পরবর্তী সময়ে তিনি ভুয়া ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অপরাধে জড়ান। একপর্যায়ে তিনি ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে কাজ শুরু করেন। ২০১০ সালে কয়েকজন সহযোগীকে নিয়ে তিনি ভাড়াটিয়া সন্ত্রাসী দল গঠন করেন।

খন্দকার আল মঈন বলেন, পলাশ পলাতক অবস্থায় নারায়ণগঞ্জ, কাঁচপুর, উত্তরা, শ্যামবাজারসহ বিভিন্ন এলাকায় বাসা বদল করে থাকতেন। তিনি পলাতক অবস্থায়ও অপরাধমূলক অপকর্ম করে আসছিলেন।