অঞ্জলীকে কারা, কেন হত্যা করেছে, জানা গেল না আট বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঞ্জলী রানী দেবী
ফাইল ছবি

চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী রানী দেবী খুনের তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। গত বছরের ২৯ নভেম্বরসহ ৮ বছরে প্রতিবেদন জমার তারিখ পড়েছে ১৩১টি। পুলিশের একেক বিভাগে দায়িত্ব পড়েছে। তবে কী কারণে, কারা অঞ্জলীকে হত্যা করেছে, তা জানা যায়নি।

থানা, গোয়েন্দা পুলিশের (ডিবি) পর মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করেছে। এখন তদন্ত করছে অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ)। কিন্তু কেন, কী কারণে, কারা অঞ্জলীকে খুন করেছে, সে প্রশ্নের উত্তর মেলেনি।
অঞ্জলীর স্বামী রাজেন্দ্রলাল চৌধুরী চিকিৎসক। তাঁদের দুই মেয়ে অর্পিতা চৌধুরী ও সঙ্গীতা চৌধুরী পেশায় চিকিৎসক।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে থাকা বড় মেয়ে অর্পিতা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘প্রকাশ্যে দিনদুপুরে একজন মানুষকে খুন করা হলো। আট বছরেও কোনো কিছু বের করতে পারেনি পুলিশ। মায়ের খুনিরা ধরা পড়বে, সেই আশায় আছি আমরা।’

গত বছরের নভেম্বরে তদন্তের জন্য পিবিআই থেকে এটিইউতে আসে মামলাটি। তদারককারী কর্মকর্তা অ্যান্টিটেররিজম ইউনিট ঢাকার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলী হোসেন খান প্রথম আলোকে বলেন, মামলাটি আসার পর বাদীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

২০১৫ সালের ১০ জানুয়ারি সকালে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে নগরের চকবাজারের উর্দু গলিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অঞ্জলী দেবী। এ ঘটনায় তাঁর স্বামী চিকিৎসক রাজেন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে ওই দিন রাতে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় যুবকদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

তদন্তে যা এসেছে
শুরু থেকে মামলাটি তদন্ত করেছে পাঁচলাইশ থানার পুলিশ। দু-এক দিন পর থেকে তদন্ত করে নগর গোয়েন্দা পুলিশ। সন্দেহভাজন আসামি হিসেবে আবু সাঈদ মো. রেজা নামের পটিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জঙ্গি এরশাদ হোসেন, শফিকুল ইসলাম ও মোসাবিরুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সবশেষে সন্ত্রাসী এহতেশামুল হক ওরফে ভোলাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু কারও কাছ থেকে অঞ্জলী হত্যার ক্লু (সূত্র) পাওয়া যায়নি।

২০১৮ সালের ৩০ আগস্ট এহতেশামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর পর গত সাড়ে চার বছরেও নতুন কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মামলাটি ডিবি পুলিশ থেকে পিবিআইয়ে আসে তদন্তের জন্য। পিবিআই এর তিন কর্মকর্তা গত বছরের অক্টোবর পর্যন্ত তদন্ত করেন। পিবিআই এর সর্বশেষ কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক। তিনি বলেন, তদন্তে কিছু পাওয়া যায়নি।

তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডে চার যুবক অংশ নেন। তাঁদের প্রত্যেকের কাঁধে স্কুলব্যাগ ছিল। ওই ব্যাগে করে তাঁরা রামদা নিয়ে আসেন। অঞ্জলী দেবীকে কুপিয়ে রামদা ব্যাগের ভেতরে নিয়ে দৌড়ে পালিয়ে যান। হত্যাকারীরা ছিনতাইকারী হলে অঞ্জলীর মুঠোফোন ও টাকা কেড়ে নিতেন। কিন্তু তাঁর কাছ থেকে কিছুই নেননি তাঁরা।

পরিবারের সদস্যরাও কারও সঙ্গে বিরোধ বা এর কোনো কারণ জানাতে পারেননি।
তদন্ত প্রতিবেদনের জন্য আদালতে এ মামলার শুধু তারিখ পড়ছে। এ মাসের ৩১ জানুয়ারি প্রতিবেদনের জন্য পরবর্তী দিন ধার্য রয়েছে।

অঞ্জলীর স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিচার দূরে থাক, তদন্তই শেষ হয়নি। অন্তত খুনি কে বা কারা, কেন করেছে, এটুকু জানার অপেক্ষায় থাকি সারাক্ষণ। অপেক্ষার শেষ কবে হবে জানি না।’