ক্রেতা সেজে দোকানে দোকানে চুরি, ১৯ ভরি সোনার গয়নাসহ গ্রেপ্তার
গয়না ও মুদিদোকান খোলা দেখলে ক্রেতা সেজে ঢুকে পড়তেন তিনি। তারপর দোকানদারকে ব্যস্ত রেখে কৌশলে সোনার গয়না, নগদ টাকা ও মুঠোফোন চুরি করতেন। সুযোগ পেলে চুরি করতেন বাসাবাড়িতেও। বাসাবাড়ির দরজা খোলা দেখলেই কৌশলে সেখানে ঢুকতেন। এরপর টাকা ও মুঠোফোন নিয়ে যেতেন। তাঁর নাম আমির হোসেন (৩৮)।
মঙ্গলবার চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি কীভাবে চুরি করতেন, তা জানান।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান প্রথম আলোকে বলেন, আমির এখন পর্যন্ত এক থেকে দেড় শ সোনা ও মুদিদোকানে ক্রেতা সেজে চুরির কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে চুরি করা ১৯ ভরি সোনার গয়না উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমিরকে শনাক্ত করে পুলিশ।
গত রোববারের ঘটনা। নগরের হাজারী গলি এলাকায় শিবধর নামের এক ব্যক্তির গয়নার দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করেন। ফোন করে বলা হয়, পরিবারের অন্য সদস্যদের নিয়ে পরদিন দোকানে এসে সোনা কিনবেন তিনি। শিবধর তাঁর ছেলে দোকানে এলে বিস্তারিত জানাবেন বলে ওই ব্যক্তিকে জানান।
সোমবার সকালে শিবধরের মুঠোফোনে কল করে একজন বলেন, তিনি হাজারী গলি কালীবাড়ির সামনে আছেন। তাঁর সঙ্গে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। দোকান চিনতে পারছেন না। শিবধর দোকান থেকে এসে যেন তাঁদের নিয়ে যান। তখন দোকানে কেউ না থাকায় শিবধর আসতে পারবেন না বলে জানান। কিন্তু ওই ব্যক্তি বারবার শিবধরকে অনুরোধ করতে থাকেন। একপর্যায়ে শিবধর দোকানের লকারের চাবি আলমারির পাশে একটি ব্যাগে রেখে ওই ব্যক্তিকে নিতে যান।
কালীবাড়ির সামনে গিয়ে ক্রেতাদের খুঁজতে থাকেন শিবধর। কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে শিবধর আবার তাঁর দোকানে ফিরে দেখেন চাবি লকারের সঙ্গে ঝুলে আছে। এরপর তিনি লকার খুলে দেখতে পান, অনেক গয়না নেই। সেগুলোর ওজন ১৯ ভরি সোনা। এসব গয়নার মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা। সকাল ১০টা ৪১ থেকে ৫০ মিনিট, মাত্র ৯ মিনিটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মেসার্স উদয়ন জুয়েলার্সের মালিক শিবধর বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।