ব্যাংকের কাউন্টারের সামনে থেকে গ্রাহকের লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাকা
প্রতীকী ছবি

চট্টগ্রামে ব্যাংকের জমা কাউন্টারের সামনে থেকে এক গ্রাহকের লাখ টাকা চুরি হয়েছে। গত বুধবার দুপুরে শাহ জালাল ইসলামী ব্যাংক নগরের ওয়াসা মোড় শাখায় এই ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার নগরের খুলশী থানায় এই ঘটনায় মামলার পর বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী গ্রাহক ব্যবসায়ী জুলফিকার আহমেদের করা মামলার এজাহারে বলা হয়, বুধবার দুপুরে শাহ জালাল ইসলামী ব্যাংক নগরের ওয়াসা মোড় শাখায় একটি প্যাকেট নিয়ে যান। এটির ভেতরে নগদ ১ লাখ ১০ হাজার টাকা, চেক বই, তাঁর বাবার পেনশন বই, ব্যবসার লাইসেন্স, ছোট ভাইয়ের চিকিৎসার কাগজপত্র ছিল। প্যাকেটটি ব্যাংকের জমা কাউন্টারের সামনে রেখে টাকাগুলো জমা দেওয়ার জন্য জমা রসিদ লিখতে থাকেন। হঠাৎ একটি কোড নম্বর মনে না থাকায় ব্যাংকের এক কর্মকর্তার কাছে জানতে চান। এরই ফাঁকে প্যাকেট নিয়ে যান কে বা কারা।

তাৎক্ষণিকভাবে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলে ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় খাকি পোশাক পরা মধ্যবয়সী এক ব্যক্তি প্যাকেটটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে দ্রুত চলে যাচ্ছেন।

জুলফিকার আহমেদের ভাই দিলশাদ আহমেদ বলেন, ব্যাংকের নিজস্ব নিরাপত্তারক্ষীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়ে কীভাবে গ্রাহকের টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়, সেটা বোধগম্য নয়।

জানতে চাইলে খুলশীর ওসি রুবেল হাওলাদার প্রথম আলোকে বলেন, ব্যাংক থেকে এক গ্রাহকের টাকা চুরির ঘটনায় মামলা হয়েছে। চোর শনাক্ত করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।