ঢাকায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

ঢাকার কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে হাবিবুল বাশার (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। চাচার সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার বিকেলের এ ঘটনায় জড়িত সন্দেহে হাবিবুলের চাচা ও তাঁর দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

হাবিবুলের মামা আবদুস সালামের অভিযোগ, পৈত্রিক সম্পত্তির ওপর রাস্তার জায়গা না রেখে দেয়াল নির্মাণ করছিলেন হাবিবুলের চাচা পলাশ। হাবিবুল এবং তাঁর দুই ভাই সানজিদ (৩০) ও মোরসালিন (৩২) এ কাজে বাঁধা দেন। তাঁরা চলাচলের জন্য জায়গা রেখে দেয়াল নির্মাণ করতে বলেন। এ কথায় ক্ষিপ্ত হয়ে পলাশ এবং তাঁর দুই ছেলে পুলক ও শামীম তাঁদের ওপর ছুরি নিয়ে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রোববার রাত সাড়ে ৭টার দিকে হাবিবুল মারা যান।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হত্যার ঘটনায় জড়িত সন্দেহে হাবিবুলের চাচা ও তাঁর দুই ছেলেকে আটক করা হয়েছে।

হাবিবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।