রাজধানীর কাফরুল থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে কে এম মাহমুদুল হাসান (৪২) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে রাজধানীর ভাষানটেক থানায় কর্মরত ছিলেন।

কাফরুল থানার (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, গতকাল রোববার বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে মাহমুদুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

মাহমুদুল হাসান মিরপুরের ১৩ নম্বর সেকশনে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, বাসায় যখন কেউ ছিল না, তখন মাহমুদুল হাসান গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বাসায় ফিরে তাঁর ঝুলন্ত নিথর দেহ দেখতে পান। উদ্ধার করে আলোক হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মাহমুদুল হাসানের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আজ সোমবার তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।