কাভার্ড ভ্যান আটকে ‘ছিনতাই’, দুই ছাত্রলীগ কর্মীসহ ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

কাভার্ড ভ্যান আটকে টাকা ছিনতাই ও চালককে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের দুই কর্মীসহ তিন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ছাত্ররা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হল শাখা ছাত্রলীগের কর্মী ফজলে নাভিদ ওরফে অনন ও সাদিক আহাম্মদ এবং অনাবাসিক ছাত্র মো. রাহাত রহমান।

তিনজনই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নাভিদ ও সাদিক বিজয় একাত্তর হলের গণরুমে থাকেন। রাহাত থাকেন পুরান ঢাকার চকবাজারের একটি ভাড়া বাসায়।

গত শনিবার দিবাগত রাতে এই তিনজনকে গ্রেপ্তার করার পর গতকাল রোববার তাঁদের আদালতে পাঠায় শাহবাগ থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মসজিদের সামনে ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে। টহলরত পুলিশ ওই তিন ছাত্রকে হাতেনাতে আটক করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাসমান দোকানি ও সাধারণ শিক্ষার্থীদের ভাষ্যমতে, গ্রেপ্তার নাভিদ ওরফে অননের নেতৃত্বে কয়েক মাস ধরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে।

ছিনতাইয়ের ঘটনার রাতেই শাহবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী কাভার্ড ভ্যানচালক আবু তাহের ওরফে জুয়েল। মামলার এজাহারে চালক অভিযোগ করেন, শনিবার রাতে কাভার্ড ভ্যানে করে তিনি ছোট ভাইসহ লালবাগ থেকে টঙ্গী যাওয়ার উদ্দেশে রওনা দেন। রাত তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন বুয়েট মসজিদের সামনে পৌঁছালে তিন আসামি (নাভিদ, সাদিক ও রাহাত) মোটরসাইকেলে করে এসে কাভার্ড ভ্যানের গতি রোধ করেন।

আবু তাহের অভিযোগ করেন, মোটরসাইকেল থেকে নেমে ওই তিনজন তাঁকে ও তাঁর ভাইকে গাড়ি (কাভার্ড ভ্যান) থেকে নামতে বলেন। পরে আসামিরা তাঁদের দুজনকে হত্যার ভয়ভীতি দেখিয়ে গাড়ি থেকে নামান ও মারপিট করে জখম করেন। এ সময় তাঁর পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাঁদের চিৎকার শুনে টহলরত শাহবাগ থানার উপপরিদর্শক ওমর ছানী ঘটনাস্থলে এসে ওই তিনজনকে আটক করেন। পরে তল্লাশি করে তাঁদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা বের করে তাঁকে ফেরত দেন তিনি। পাশাপাশি তাঁদের (চালক ও তাঁর ভাই) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘ছিনতাই ও মারধরের ঘটনায় পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ছিনতাই, চাঁদাবাজি ও মারধরের ঘটনায় মামলায় শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাসমান দোকানি ও সাধারণ শিক্ষার্থীদের ভাষ্যমতে, গ্রেপ্তার নাভিদ ওরফে অননের নেতৃত্বে কয়েক মাস ধরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। প্রায় দিন রাতে তারা ওই এলাকায় যায়। সেখানে বেড়াতে আসা ব্যক্তিদের নানাভাবে জেরা করে চক্রটি। একপর্যায়ে চক্রের সদস্যরা মারধর শুরু করেন। পরে ছিনিয়ে নেন ভুক্তভোগী ব্যক্তিদের মুঠোফোন ও মানিব্যাগ। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন সড়কে গাড়ি আটকে ছিনতাই ও লোকজনকে মারধর করেন তাঁরা।