ছিনতাইয়ের মুঠোফোন বিক্রির টাকার ভাগ নিয়ে দ্বন্দ্বে খুন, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার সাদ্দাম হোসেন, রনি ও বিজয়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন আগে রাজধানীর পান্থপথে ফারুক হোসেন (২৮) নামের এক যুবককে হত্যার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাজধানীর রাজাবাজার ও মোল্লাবাড়ি এলাকায় তেজগাঁও থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেপ্তার করে। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

গ্রেপ্তার তিনজন হলেন—সাদ্দাম হোসেন, রনি ও বিজয়। তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গত ২৪ ফেব্রুয়ারি রাতে পান্থপথের পানি ভবনের সামনে খুন হন ফারুক। পুলিশ বলছে, তিনি ভ্যান চালানোর পাশাপাশি ছিনতাইসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিলেন। জামিনে কারাগার থেকে বের হওয়ার তিন দিনের মাথায় খুন হন তিনি। হত্যায় জড়িত ব্যক্তিরা তাঁর বন্ধু, ছিনতাইকাজের সহযোগী।

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক বলেন, ফারুক, সাদ্দাম, রনি ও বিজয় ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন। ঘটনার তিন দিন আগে তাঁরা জামিনে মুক্তি পান। কারাগার থেকে বেরিয়ে তাঁরা আবার ছিনতাই শুরু করেন। ছিনতাইয়ের মুঠোফোন বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে সহযোগীদের হাতেই খুন হন ফারুক। গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ছিনতাই করা ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

আজিমুল হক বলেন, ঘটনার দিন রাতে ফারুক ও তাঁর সহযোগীরা একটি বারে মদ পান করেন। পরে তাঁরা পান্থপথের পানি ভবনের সামনে বসে আড্ডা দেন। আড্ডার সময় তাঁদের মধ্যে ছিনতাই করা মুঠোফোন বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ফারুককে ছুরিকাঘাত করেন সাদ্দাম। ফারুক ফুটপাতে পরে যান। তাঁকে রেখে সাদ্দাম, রনি ও বিজয় পালিয়ে যান। দিবাগত রাত দুইটার দিকে পথচারীরা ফারুককে উদ্ধার করেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফারুক হত্যার ঘটনায় তাঁর স্ত্রী তেজগাঁও থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। বিজয়ের বিরুদ্ধে আছে ১৩টি মামলা। রনির বিরুদ্ধে ১৭টি মামলা। এ ছাড়া নিহত ফারুকের নামেও মামলা রয়েছে।