শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, ধাওয়া দিয়ে অভিযুক্তকে ধরল পরিবার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. রুবেল (৩৫) নামের এক ব্যক্তিকে ধাওয়া দিয়ে ট্রাফিক পুলিশের সহায়তায় আটক করেছেন ওই শিশুর পরিবারের সদস্যরা। পরে তাঁকে থানা–পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাফিকের যাত্রাবাড়ী অঞ্চলের বরাত দিয়ে ডিএমপি জানায়, অভিযুক্ত রুবেল ভুক্তভোগী শিশুর পরিবারের পরিচিত এবং তারা একই এলাকায় বসবাস করত। গত বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকার একটি বাসার গোসলখানায় শিশুটিকে জোর করে যৌন নিপীড়নের চেষ্টা করেন রুবেল। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রুবেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ডিএমপি আরও জানায়, বুধবারের ওই ঘটনার পর থেকে ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরা অভিযুক্ত রুবেলকে খুঁজছিলেন। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ধোলাইপাড় গোলচত্বরে তাঁকে দেখতে পেয়ে তাঁরা ধাওয়া করেন। এ সময় ধাওয়া দেখে ট্রাফিক ওয়ারী বিভাগের সার্জেন্ট মো. আবদুল্লাহ-আল-নোমানী ও নুর ইসলাম অভিযুক্ত রুবেলকে আটক করেন। পরে তাঁকে যাত্রাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেছেন। আজ বেলা ৩টার দিকে রুবেলকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।