ফ্ল্যাট বিক্রির টাকা প্রতারকদের হাতে তুলে দেন তিনি
ম্যাগনেটিক পিলার, কয়েন ও সোনার বার দেওয়ার কথা বলে ১১ কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ফ্ল্যাট বিক্রির টাকা এই চক্রের হাতে তুলে দিয়ে সর্বস্বান্ত হন এক নারী।
গতকাল রোববার রাজধানীর বিমানবন্দর ও দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে এই ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগ। আজ সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ডিবি দক্ষিণ) সঞ্জিত কুমার রায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বশার মোল্লা, শেখ সোহাগ হোসেন, দ্বীন মোহাম্মদ, মো. জুয়েল শিকদার, মোজাম্মেল খান, শেখ আলী আকবর, মো. জামাল ফারাজী, মো. সোহেল শিকদার, মো. বিল্লাল হোসেন ও মো. শাহরিয়ার ইকবাল।
ডিবি বলছে, চক্রের সদস্যরা নকল সোনার বার, ম্যাগনেটিক পিলার ও কয়েন তৈরি করতেন। এসব জিনিস কিনে বেশি দামে বিক্রি করা যাবে—এমন প্রলোভন দিয়ে তাঁরা লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
ডিবির যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় বলেন, রাজধানীর ভাটারা থানায় একটি প্রতারণার মামলা করেন এক নারী। এই মামলা তদন্ত করতে গিয়ে প্রতারক চক্রটির সন্ধান পায় ডিবি। ভুক্তভোগী নারী প্রতারক চক্রটির ফাঁদে পা দিয়েছিলেন। তিনি ফ্ল্যাট বিক্রির টাকা প্রতারকদের হাতে তুলে দিয়েছিলেন। পরে ডিবি অভিযান চালিয়ে চক্রটির ১০ সদস্যকে গ্রেপ্তার করে।
ডিবি বলছে, গ্রেপ্তার বশার নিজেকে কাস্টমসের পরিচালকের সহকারী একান্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। তিনি কম দামে সোনার বার কিনে দেওয়ার কথা বলে লোকজনকে আকৃষ্ট করতেন। চক্রের আরেক সদস্য গ্রেপ্তার সোহাগ নিজেকে কাস্টমসের পরিচালক (অ্যাডমিন) হিসেবে পরিচয় দিয়ে ক্রেতাদের সঙ্গে দেখা করে বিশ্বস্ততা অর্জন করতেন। গ্রেপ্তার দ্বীন মোহাম্মদ ও জুয়েল নকল সোনার বার তৈরি করতেন। আর গ্রেপ্তার মোজাম্মেল নিজেকে ‘কেমিস্ট’ হিসেবে পরিচয় দিতেন।