বিসিএসের প্রস্তুতি নিতে যাচ্ছিলেন, মোহাম্মদপুরে আসতেই ছিনতাইকারীরা কুপিয়ে কেড়ে নিল সব

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ তানভীর রহমানছবি: পরিবারের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু ও বড় ভাইদের সঙ্গে বিসিএসের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার কথা ছিল মোহাম্মদ তানভীর রহমানের (২৯)। এ উদ্দেশে কেরানীগঞ্জের আটিবাজার থেকে রওনা হন তিনি। কিন্তু মোহাম্মদপুরে পৌঁছাতেই ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ও ওয়ালেট কেড়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন তানভীর। এরপর তাঁকে চাপাতি দিয়ে বেশ কয়েকটি কোপ দিয়ে মুঠোফোন ও টাকা ছিনিয়ে পালিয়ে যায় তারা।

আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় আল্লাহ করিম মসজিদের পাশের পদচারী–সেতুর নিচে এ ঘটনা ঘটে। আহত তানভীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। তবে চাপাতির আঘাত খুব বেশি গুরুতর নয়।

তানভীর ৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদে উত্তীর্ণ হয়েছেন। চাকরিতে যোগদানের অপেক্ষায় থাকার পাশাপাশি বিসিএসের প্রস্তুতিও চালিয়ে যাচ্ছিলেন তিনি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা শেষ করেছেন। তাঁর বাড়ি কেরানীগঞ্জের আটিবাজার এলাকায়।

তানভীরের বড় ভাই মো. হাসান সরকার প্রথম আলোকে বলেন, আজ দুপুরে আটিবাজার থেকে বছিলা সেতু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন তানভীর। সেখানে বন্ধু ও বড় ভাইদের সঙ্গে বিসিএসের প্রস্তুতি নিয়ে আলোচনা করার কথা ছিল। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আগে পদচারী–সেতুর নিচে পৌঁছালে তিন-চারজন ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে। তাদের প্রত্যেকের হাতে চাপাতিসহ ধারালো অস্ত্র ছিল।

হাসান বলেন, ছিনতাইকারীরা প্রথমে তানভীরের মুঠোফোন ও ওয়ালেট কেড়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাঁকে কোপাতে শুরু করে। তাঁর ডান হাত ও পিঠে ১২ থেকে ১৪টি কোপ দেওয়া হয়। তবে চাপাতির আঘাত খুব বেশি গভীর হয়নি। আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি। একপর্যায়ে তানভীর মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

ছিনতাইকারীরা তানভীরের আইফোন ১৬ প্রো ম্যাক্স ও ওয়ালেট নিয়ে গেছে বলে জানান হাসান। তিনি বলেন, ওয়ালেটে ছয় থেকে সাত হাজার টাকা ছিল। চিকিৎসা শেষ করে তাঁরা থানায় যাবেন।

মোহাম্মদপুরে সময় যত গেছে, অপরাধের ধরন তত বদলেছে। নতুন নতুন অপরাধী দল তৈরি হয়েছে। অপরাধ ও অপরাধী দলের তৎপরতা এখনো আছে এবং তা আগের চেয়ে বেশি। ডিএমপির তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরে এখন অর্ধশত অপরাধী দল সক্রিয়। এর মধ্যে বড় অপরাধী দল ১৭টি। প্রতিটি দলে ১৫–২০ জন করে অপরাধী রয়েছে।