মিরপুরে মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে

আরমান দেওয়ান ও সাজ্জাদুল হকছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় করা মামলায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে শাহ আলী থানার উত্তর বিশিল এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তিন আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তারিকুর রহমান। এ সময় রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী মো. কামাল উদ্দিন। শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়। এ ঘটনায় গতকাল মামলা করেন রেশমি বেগম নামের আহত এক নারী। মামলায় অভিযোগ করা হয়, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পরে মাজারে মানত ও জিয়ারতের জন্য হাজার হাজার লোকের সমাগম হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জিয়ারত ও মানত কার্যক্রম চলাকালে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের ১০০–১৫০ নেতা–কর্মী মাজারের প্রধান গেট দিয়ে ঢুকে তাঁদের ওপর হামলা করেন।

আরও পড়ুন

হামলাকারীরা গাছের গোড়ায় থাকা মাজারের শিরনির ডেকচির লাল কাপড় ছিঁড়ে ফেলেন এবং মোমবাতি জ্বালানোর প্লেট ভাঙচুর করেন। এতে তিনি বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। পরনের কাপড় ছিঁড়ে ফেলে তাঁর শ্লীলতাহানি করা হয়। ভাঙচুরে মাজারের ৩০ হাজার টাকার জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া হামলাকারীরা জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছেন।