জমি বিক্রির কথা বলে ডেকে অপহরণ, নির্যাতন করে মুক্তিপণ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি বিক্রির কথা বলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ঢাকার যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে এই আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব
ছবি: র‌্যাবের সৌজন্যে

গাজীপুরের কালিয়াকৈর, চান্দুরাসহ বিভিন্ন এলাকায় জমি বিক্রির কথা বলে বিত্তশালী ব্যক্তিদের ডেকে এনে খেলনা পিস্তলের মুখে অপহরণ করে জিম্মি করত একটি চক্র।

পরে অপহৃত ব্যক্তিদের ঢাকার যাত্রাবাড়ীর ছনটেকসহ বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন চালাতেন চক্রের সদস্যরা। ওই নির্যাতনের ভিডিও মুঠোফোনে ধারণ করে তা অপহৃত ব্যক্তির পরিবারের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করতেন তাঁরা।

গতকাল সোমবার র‍্যাব সদস্যরা ছনটেকে এই অপরাধী চক্রের একটি আস্তানায় অভিযান চালিয়ে অপহৃত ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেনকে উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেন তাঁরা। এ সময় তাঁদের কাছ থেকে খেলনা পিস্তল, ছুরি, হাতুড়ি, আয়রন মেশিন, লাঠি, বেল্ট, হুক্কা ও ১৩টি মুঠোফোন জব্দ করা হয়।

র‍্যাব বলেছে, অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণের জন্য অপহৃত ওষুধ ব্যবসায়ী আলমগীরকে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছেন। তাঁরা লাঠি ও বেল্ট দিয়ে আলমগীরের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়েছেন এবং কোমরের পেছনে ইস্তিরি দিয়ে ছেঁকা দিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিয়াম আল জেরিন তালুকদার (৩৩), রাসেল শেখ ওরফে মিঠু (৩৩), শহিদুল ইসলাম (৩৭), প্রণব নারায়ণ ভৌমিক (৫০), আলমগীর (৪২), আবদুর রব খান (৭৮), সৈয়দা জান্নাত আরা ঊর্মি (২৭) ও ইসরাত জাহান ওরফে সায়লা (২৯)।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১০–এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক ফরিদ উদ্দিন
ছবি: র‌্যাবের সৌজন্যে

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে র‍্যাব-১০–এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক ফরিদ উদ্দিন বলেন, গাজীপুরের কালিয়াকৈরের চান্দুরার বাসিন্দা ওষুধ ব্যবসায়ী আলমগীর (৪২) জমি কিনতে গত শনিবার বিকেলে চান্দুরা চৌরাস্তার উদ্দেশে রওনা হন। ওই দিন রাত ১১টার দিকেও আলমগীর বাড়িতে ফিরে না আসায় তাঁর পরিবারের লোকজন কল দিয়ে মুঠোফোন বন্ধ পান। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে আলমগীরের সন্ধান না পেয়ে তাঁরা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন রোববার সকাল ১০টার দিকে আলমগীরের স্ত্রীর মুঠোফোনে এক ব্যক্তি ফোন করে বলেন, তাঁরা আলমগীরকে অপহরণ করেছেন। এ সময় আলমগীরের নির্যাতনের বিভিন্ন চিৎকার শুনিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। চাহিদামতো টাকা না দিলে আলমগীরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আলমগীরের পরিবার অপহরণকারীদের চাহিদামতো টাকা জোগাড় করতে না পেরে র‌্যাবের সহায়তা চায়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার খেলনা পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম
ছবি: র‌্যাবের সৌজন্যে

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, অপহরণকারী চক্রের সদস্যরা চান্দুরা এলাকায় জমি বিক্রি হবে বলে শনিবার বিকেল চারটার দিকে আলমগীরকে সেখানে নিয়ে যান। এ সময় তাঁরা আলমগীরকে বিভিন্ন জায়গায় ঘোরাতে থাকেন। একপর্যায়ে আলমগীরকে সুবিধাজনক স্থানে নিয়ে খেলনা পিস্তল দেখিয়ে গুলি করে হত্যার ভয় দেখান। পরে আলমগীরকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে যাত্রাবাড়ীর ছনটেক বউবাজার এলাকায় তাঁদের আস্তানায় নিয়ে আসেন। সেখানে নিয়ে আলমগীরকে সবাই মিলে লাঠি ও বেল্ট দিয়ে বেধড়ক পেটান। একপর্যায়ে আলমগীরের শরীরের পেছনের দিকে ফুটন্ত গরম তেল ঢেলে দেন তাঁরা। পরে ওই স্থানসহ শরীরের বিভিন্ন স্থানে ইস্তিরি দিয়ে ছেঁকা দেন।

এরপর তাঁর শরীরের বিভিন্ন অংশের চামড়া তুলে ফেলে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করতে থাকেন এবং দাবি করা মুক্তিপণ আদায়ের জন্য চাপ দিতে থাকেন।

র‍্যাব কর্মকর্তা ফরিদ উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার র‍্যাব আলমগীরকে উদ্ধারে ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করা হয়েছে।