রাতে বাড্ডার মেরুলে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

আগুনপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার মেরুল এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে আলিফ পরিবহনের যাত্রীবাহী চলন্ত একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমীন প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনের সড়কে চলন্ত বাসটির পেছনের অংশে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক বাস থামান। যাত্রীরা দ্রুত বাস থেকে নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

আরও পড়ুন

পুলিশের কর্মকর্তা নাসিরুল আমীন বলেন, বাসটিতে ১০-১৫ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। অবশ্য এর আগেই বাসের সব আসন পুড়ে যায়।

এ ঘটনায় বাড্ডা থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি নাসিরুল আমীন। তিনি বলেন, বাসে অগ্নিসংযোগকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

গতকাল মধ্যরাতে রাজধানীর পল্লবীর কালশী রোডে চলন্ত একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গতকাল সন্ধ্যার দিকে পল্লবীতে পার্ক করা একটি বাসে আগুন দেওয়া হয়। এ দুই ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুন