দোষ স্বীকার, মুফতি ইব্রাহীমের সাজা দিলেন আদালত
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, আক্রমণাত্মক ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রচারের কথা স্বীকার করায় আদালত মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের সাজা দিয়েছেন আদালত।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ আজ সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম।
পিপি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসামি কাজী মোহাম্মদ ইব্রাহিম উসকানিমূলক বক্তব্য প্রচার করার কথা আদালতের কাছে স্বীকার করেছেন। এ জন্য আদালত তাঁকে কারাদণ্ড দিয়েছেন। এই কারাদণ্ডের মেয়াদ এক বছর তিন মাস। এই মামলায় তিনি এই সময় পর্যন্ত জেল খেটেছেন।
আসামি কাজী মোহাম্মদ ইব্রাহিমের আইনজীবী মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয় শুনানির দিন ঠিক ছিল আজ। কারাগার থেকে তাঁর মক্কেলকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তিনি নিজে দোষ স্বীকার করেন। তখন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মোহাম্মদপুরে ইব্রাহীমের ভাড়া করা বাসায় গেলে তিনি বাসা থেকে বের না হয়ে উসকানিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।
অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় আসামি মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবে মিথ্যা, উসকানিমূলক ও ভীতি প্রদর্শক তথ্য প্রচার করেন। এ বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ভিডিওতে প্রচারিত বক্তব্য নিজের বলেও দাবি করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে গত বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
ইব্রাহীমের আইনজীবী সাখাওয়াত উল্লাহ বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলাটি তদন্তাধীন।