আদাবরে ডাকাতির প্রস্তুতির সময় চাপাতিসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর আদাবরে ডাকাতির প্রস্তুতির সময় উদ্ধার করা তিনটি চাপাতিসহ গ্রেপ্তার তিন ব্যক্তি। ১৮ জুলাই ২০২৬ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর আদাবর থেকে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা–পুলিশ। আজ শনিবার দুপুরে আদাবরের মেহেদীবাগ হাউজিংয়ের খালপাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

আদাবর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাত দলের কয়েকজন সদস্য সামুরাই, চাপাতি ও দেশি অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে বেলা পৌনে দুইটার দিকে আদাবর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার আদাবর ও মাদারীপুর সদর থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শাকিল ও ইয়াছিনের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি করে মামলা আর নয়নের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় দুটি মামলা রয়েছে।