হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘প্রকৃত ছিনতাইকারীদের’ গ্রেপ্তার করার দাবি ডিবির

রনজিলা পারভিনছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীদের টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিন নিহত হওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার এই দুই ব্যক্তিকে ঘটনায় জড়িত ‘প্রকৃত ছিনতাইকারী’ বলছে ডিবি।

গতকাল মঙ্গলবার এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় জানানো হয়।

আরও পড়ুন

গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে এই ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে র‍্যাব। পাশাপাশি ‘ছিনতাইয়ে ব্যবহৃত’ একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায় সংস্থাটি। তবে গ্রেপ্তার দুই ব্যক্তি ও উদ্ধার হওয়া মোটরসাইকেলটি নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন

এবার ‘প্রকৃত অপরাধীদের’ গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন ডিএমপির ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় যে দুজনকে দেখা গেছে, তাঁদেরই গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের যে পোশাকে দেখা গেছে, সেই পোশাকেই গ্রেপ্তার করা হয়েছে। এমনকি তাঁদের কাছ থেকে মারা যাওয়া শিক্ষিকার মালামালও উদ্ধার করা হয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

আরও পড়ুন

গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিলা পারভিন (৫৬)। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নিলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।