মহাখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

পিস্তলসহ গ্রেপ্তার জাহিদুল ইসলাম
ছবি: পুলিশের সৌজন্যে

রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলিসহ জাহিদুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, গ্রেপ্তার জাহিদুল বনানী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি।

বনানী থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বনানী থানার একটি দল মহাখালীর টিবি গেট এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলিসহ একটি ম্যাগাজিন, একটি পিস্তল–সদৃশ বস্তু, দুই হাজার ১৫০টি ইয়াবা বড়ি, মাদক বিক্রির ৭১ হাজার ২০ টাকা এবং তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, জাহিদুল বনানী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং শীর্ষ মাদক কারবারি। হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগে দীর্ঘদিন ধরে র‍্যাব, পুলিশের গোয়েন্দা শাখাসহ (ডিবি) বিভিন্ন ইউনিট তাঁর অবস্থান শনাক্ত এবং তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছিল।

পুলিশ আরও জানায়, জাহিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।