চারটি মিষ্টির প্যাকেটে টাকা নিয়ে হোটেলে যান তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে চারজনকে গ্রেপ্তারের সময় টাকা, মুঠোফোনসহ নানা কিছু জব্দ করা হয়
ছবি: ডিবির সৌজন্যে

চারটি মিষ্টির প্যাকেটে টাকা নিয়ে রাজধানীর একটি হোটেলে যান আশিকুজ্জামান। হোটেলের আশপাশে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। আশিকুজ্জামানের কাছ থেকে টাকাসহ সেই মিষ্টির প্যাকেট নেওয়ার সময় প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ওই চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (ডিএমপি) গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।

রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে আজ শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ।

ডিবি সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাম ব্যবহার করে ব্যবসায়ী ও চাকরিজীবীদের ভয় দেখিয়ে টাকা আদায় করত একটি চক্র। এই চক্রেরই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তার ব্যক্তিগত সহকারী (পিএ) গৌতম ভট্টাচার্য (৪২), পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল মো. এসকেন আলী খান (৫৭) এবং তাদের সহযোগী হাবিবুর রহমান (৪২) ও পরিতোষ মণ্ডল (৬৩)। গৌতমের বাড়ি মৌলভীবাজারে। বাকি তিনজন গোপালগঞ্জের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে মিষ্টির চারটি প্যাকেট, দেড় লাখ টাকা, চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

মতিঝিল থেকে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ
ছবি: ডিবির সৌজন্যে

সংবাদ সম্মেলনে হারুন অর রশীদ বলেন, আশিকুজ্জামান বায়তুল মোকাররম মসজিদের কার্পেটের দোকানে কার্পেট ও জায়নামাজ সরবরাহ করে থাকেন। গত মঙ্গলবার আশিকুজ্জামানের উত্তরার বাসায় দুদকের কথিত নোটিশ নিয়ে এক ব্যক্তি গিয়ে নিজেকে দুদক কর্মকর্তা বলে পরিচয় দেন। ওই ব্যক্তি আশিকুজ্জামানের বিরুদ্ধে সোনা চোরাচালান এবং অর্থ পাচারের অভিযোগ তোলেন। এতে ঘাবড়ে যান আশিকুজ্জামান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, কথিত ওই দুদক কর্মকর্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আশিকুজ্জামানকে আরেক কথিত ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেন। একপর্যায়ে দুদকের কথিত ঊর্ধ্বতন কর্মকর্তা আশিকুজ্জামানকে মতিঝিলের একটি হোটেলে গিয়ে তাঁদের সঙ্গে সমঝোতা করার নির্দেশ দেন। প্রথমে আশিকুজ্জামানের কাছে চক্রটি পাঁচ কোটি টাকা দাবি করে। পরে এক কোটি টাকার বিনিময়ে তাঁকে কথিত সব অভিযোগ থেকে অব্যাহতির নিশ্চয়তা দেওয়া হয়। সেই কথা অনুযায়ী গতকাল ২০ লাখ টাকা দিতে বলা হয়। বাকি টাকা আগামীকাল রোববার ব্যাংকের মাধ্যমে দেওয়ার জন্য ওই ব্যবসায়ীকে বলা হয়।

পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, সব মিলে আশিকুজ্জামানের কিছুটা সন্দেহ হলে তিনি বিষয়টি ডিবির লালবাগ বিভাগকে জানান। পরে গতকাল ডিবির একটি দল মতিঝিলের সেই হোটেলের আশপাশে অবস্থান নেয়। সমঝোতা অনুসারে আশিকুজ্জামান চারটি মিষ্টির প্যাকেটে দেড় লাখ টাকা নিয়ে সেই হোটেলে যান। তাঁর কাছ থেকে মিষ্টির প্যাকেটে সংরক্ষিত টাকা নেওয়ার সময় আশপাশে অবস্থান নিয়ে থাকা ডিবির পুলিশ সদস্যরা ওই চারজনকে গ্রেপ্তার করেন।

এই ঘটনার সঙ্গে দুদকের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা পুলিশের কোনো কর্মকর্তা জড়িত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘এই বিষয়ে আমরা তদন্ত করছি। আসামিদের রিমান্ডে নিয়ে এ বিষয়ে তথ্য জানার চেষ্টা করব।’