অক্টোবরে খুন-ডাকাতির মামলা কমেছে: পুলিশ সদর দপ্তর
নিবিড় তদন্তের মাধ্যমে খুনের মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ রোববার সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। পুলিশের সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার সভায় ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত অক্টোবর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতির তথ্য উপস্থাপন করা হয়। যেমন ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার। এসব মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে ডাকাতি, খুন, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন মামলা কমেছে।