বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগে ২ পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ফাইল ছবি: প্রথম আলো

বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা হলেন উপপরিদর্শক (এসআই) ফুয়াদ উদ্দিন ও আবু মুছা। দুজনই পলাতক।

গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বেঞ্চ সহকারী ইমরান হোসেন রাজধানীর কোতোয়ালি থানায় এ মামলা করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী ইমরান হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, ডিএমপির প্রসিকিউশন বিভাগে কর্মরত এসআই ফুয়াদ উদ্দিন মোটরযান শাখার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। একই শাখায় কর্মরত ছিলেন এসআই আবু মুছা। গত রোববার মোটরযান–সম্পর্কিত পৃথক দুটি অধর্তব্য (আমলযোগ্য নয়) মামলার নথিপত্র সিএমএম আদালতের বিচারকের কাছে উপস্থাপন করেন। কিন্তু দুটি মামলায় আসামি না থাকায় সেদিন কোনো পদক্ষেপ নেননি বিচারক। পরে আদালত জানতে পারেন, এসআই ফুয়াদ ও মুছা অন্য সহযোগীদের নিয়ে বিচারকের স্বাক্ষর জাল করে ভুয়া পরোয়ানা ফেরতের নথি তৈরি করেন। পরে তা আসামিদের দেন আসামিরা।

মামলায় বেঞ্চ সহকারী ইমরান আরও বলেন, আসামি এসআই ফুয়াদ ও মুছা দীর্ঘদিন ধরে বিচারকের স্বাক্ষর জাল করে আসছিলেন।

উল্লেখ্য, পরোয়ানা ফেরত হলো আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না করে আদালতের কাছে সেই পরোয়ানা ফেরতের আদেশনামা।