হাজারীবাগে ছাদ থেকে পড়ে কেব্ল ব্যবসায়ী নিহত, স্বজনদের হত্যার অভিযোগ: পুলিশ
রাজধানীর হাজারীবাগের জাফরাবাদ এলাকায় একটি ভবনের ছাদ থেকে পড়ে এক কেব্ল ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম সালেক খান (৩৫)। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
সালেক খান পশ্চিম ধানমন্ডিতে থাকতেন। তাঁর বাবার নাম ইদ্রিস খান। সালেক খানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সালেক খান জাফরাবাদ এলাকায় কেব্ল ব্যবসা করতেন। এ নিয়ে সেখানের একটি ভবনের দারোয়ানের সঙ্গে মাঝেমধ্যে তাঁর কথা–কাটাকাটি হতো। বৃহস্পতিবারও ওই ভবনে ঢুকতে গেলে দারোয়ানের সঙ্গে তাঁর হাতাহাতি হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, হাতাহাতির পর সালেক খান চার-পাঁচজনকে ফোন করে সেখানে ডেকে নিয়ে আসেন। তাঁরা ওই দারোয়ানকে মারধর করেন। এরপর ওই ব্যক্তিরা চলে গেলেও সালেক খান থেকে যান। পরে দৌড়ে ভবনের ছাদের দিকে চলে যান তিনি। এ সময় তিনজন তাঁর পিছু নেন। একপর্যায়ে ছাদ থেকে সালেক খান পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, সালেক খানের সঙ্গে স্থানীয় তিন ব্যক্তি ভবনের ছাদে গিয়েছিলেন। তাঁরা প্রায় ৩০ সেকেন্ড পর সেখান থেকে বের হয়ে যান। তবে যে জায়গা থেকে সালেক খান পড়ে যান, সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না।
ওসি মোশাররফ হোসেন বলেন, ওই ভবনে সালেক খান কয়েকটি কেব্ল সংযোগ দিয়েছিলেন। তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কার্যক্রম শেষে নিহত ব্যক্তির স্বজনেরা যেভাবে অভিযোগ দেবেন, সে অনুযায়ী মামলা নেওয়া হবে।