এবার রাজধানীর ডেমরা থেকে বোমা উদ্ধার, আটক ১
রাজধানীর ডেমরার সারুলিয়ায় জুয়েল নামের এক ব্যক্তিকে দুটি বোমা (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভসহ ডিভাইস–আইইডি) আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) ও ডেমরা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা বলেন, কিছুদিন আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় জুয়েলকে আটক করা হয়েছে। পরে তাঁর কাছ থেকে দুটি বোমা উদ্ধার করা হয়।
রাত নয়টার দিকে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার দিকে তাঁরা খবর পান। এরপর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে বোমা দুটি নিষ্ক্রিয় করেছে।
গত মঙ্গলবার সাভারের হেমায়েতপুর থেকে মোহাম্মদ আরিফ নামের একজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। পুলিশ জানায়, আরিফ নব্য জেএমবির সদস্য। পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে ১১টি পাইপবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এর পরদিন বুধবার সকালে সাভারের সাধাপুর এলাকায় একটি মসজিদের মাঠ থেকে একটি প্রেশার কুকার বোমা উদ্ধার করা হয়। পরে সেটিও নিষ্ক্রিয় করা হয়।
ওই সব অভিযানের ধারাবাহিকতায় আজকের এই অভিযান বলে পুলিশ জানিয়েছে।