জুতা রাখা নিয়ে ঝগড়ার জেরে ভাইকে ‘পিটিয়ে হত্যা’
রাজধানীর গেন্ডারিয়ায় ভাই-ভাবির মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পরিবারের। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিঠু ঘোষ। এ ঘটনায় নিহতের ভাবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ভাই পলাতক।
নিহত মিঠু ঘোষের স্ত্রী রেখা রানী দাস আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গেন্ডারিয়ার কালীচরণ সাহা রোডের একটি বাড়ির দোতলায় ভাইদের সঙ্গে থাকতেন মিঠু ঘোষ। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অফিস থেকে বাসায় ফেরেন। এ সময় সিঁড়িতে জুতা রাখা নিয়ে ভাই দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা কাঠ দিয়ে মিঠুকে পিটিয়ে গুরুতর আহত করেন।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মারধরে মিঠুর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মফিজুর রহমান আরও বলেন, বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিনা ঘোষকে আসামি করে গেন্ডারিয়া থানায় মামলা করা হয়। এরপর রিনাকে গ্রেপ্তার করলেও দিলীপ পালিয়ে যান। রিনাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মিঠু ঘোষের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।