যাত্রীবেশে মোটরসাইকেল ছিনতাই, তিন ঘণ্টার মধ্যে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার দুই ছিনতাইকারী
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে যাত্রীবেশে মোটরসাইকেল ছিনতাই করার তিন ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন ফেরদৌস মাহমুদ ও সাদ্দাম হোসেন।

আজ শুক্রবার সকালে নগরের কর্নেল জোন্স রোড থেকে তাঁদের গ্রেপ্তার করে আকবর শাহ থানা-পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে নগরের এ কে খান গেট এলাকায় মোটরসাইকেলচালক আকতার উদ্দীন যাত্রীর জন্য অপেক্ষায় ছিলেন। ২৫ বছর বয়সী এক যুবক ৮০ টাকা ভাড়ায় তাঁকে আকবর শাহ থানার কর্নেল জোন্স রোডের ভেতর রেললাইন–সংলগ্ন নির্জন স্থানে নিয়ে যান। এরপর ওই যুবক মোটরসাইকেল থেকে নেমে চালকের কাছ থেকে মোটরসাইকেলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে সেখানে হাজির হন আরও তিন যুবক। তাঁরা চালক আকতারকে মারধর করে মোটরসাইকেল, মুঠোফোন ও ৯৫০ টাকা ছিনতাই করে নিয়ে যান। এ ঘটনায় চালক বাদী হয়ে থানায় মামলা করেন।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকে বলেন, ঘটনার তিন ঘণ্টার মধ্যে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল, টাকা, মুঠোফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা মোটরসাইকেল ছিনতাই করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে ফেরদৌসের বিরুদ্ধে নগরের আকবর শাহ ও পাহাড়তলী থানায় সাতটি মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।