চাকরির কথা বলে শিশুদের নিয়ে করা হতো ধর্ষণ: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার মোহাম্মদ হারুন ও মামুনুর রশিদ
ছবি: সংগৃহীত

দোকানে চাকরির কথা বলে নিয়ে শিশুদের করা হতো ধর্ষণ। পরে চাকরি না দিয়েই ছেড়ে দেওয়া হতো তাদের। ধর্ষণের জন্য এই শিশুদের এনে দেওয়ার বিনিময়ে দুই থেকে তিন হাজার টাকা নিতেন একটি চক্রের সদস্যরা। অনেক সময় তাঁরা নিজেরাও শিশুদের ধর্ষণ করতেন। এই চক্রের সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন মোহাম্মদ হারুন (৫৫), মামুনুর রশিদ (২৪) ও মিজানুর রহমান (২৫)। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগর ও জেলার রাউজান উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নগরের কোতোয়ালি থানায় মাদ্রাসাপড়ুয়া ১০ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

গত ২৬ ডিসেম্বর নগরের ব্যাটারি গলি এলাকার একটি মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে ওই শিশুকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়। পরদিন শিশুটিকে ধর্ষণের পর নগরের কালুরঘাট ব্রিজের পাশে ছেড়ে দেওয়া হয়। এক গাড়িচালকের মাধ্যমে শিশুটি তার বাসায় ফিরে আসে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্ত করতে গিয়ে শিশু ধর্ষণকারী চক্রের সন্ধান পাওয়া যায়। একটি শিশুকে এনে দিতে পারলে বিনিময়ে দুই থেকে তিন হাজার টাকা পেতেন চক্রের সদস্যরা। গ্রেপ্তার মামুনুর রশিদ ওই মাদ্রাসাপড়ুয়া শিশুকে চাকরির কথা বলে নিয়ে যান। পরে তাকে ধর্ষণ করে ছেড়ে দেন।

ছেলেবেলায় মামুনুর রশিদ নিজেও ধর্ষণের শিকার হয়েছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ১২ বছর বয়সে মামুন চাঁদপুর থেকে চট্টগ্রাম রেলস্টেশনে এসেছিলেন। তখন চাকরির কথা বলে রাউজানের নোয়াপাড়ায় নিয়ে তাঁকে ধর্ষণ করেছিলেন গ্রেপ্তার হারুন। এরপর বেশ কয়েক বছর মামুনুর তাঁর কাছে আটক ছিলেন। পরে হারুন তাঁকে বলেন, ছেলেশিশু সরবরাহ করতে পারলে তাঁকে মুক্তি দেবেন। এর পর থেকে টাকার বিনিময়ে হারুনকে শিশু সরবরাহ করে আসছেন মামুনুর। এসব শিশুকে নিজে ধর্ষণের পাশাপাশি অন্যদের কাছেও সরবরাহ করেন হারুন।

এদিকে হারুনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নোবেল চাকমা। তাঁর ভাষ্যমতে, টাকার বিনিময়ে ১৫ বছর বয়সী আরেক শিশুকে হারুনের কাছে তুলে দিয়েছিলেন মিজানুর।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। হারুনের সঙ্গে জড়িত চক্রের বাকি সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।