ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল উদ্ধার, কাছে পাওয়া গেছে চিরকুট
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। কাছাকাছি পাওয়া গেছে একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। পরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এ ছাড়া প্রায় একই সময়ে ধানমন্ডির সিটি কলেজের পাশের একটি স্থানে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরে ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।
ওসি ইমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে দুজন ব্যক্তি আসেন। পরে তাঁরা ককটেল দুটি রেখে সরে যান। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটাতে পারেননি। একইভাবে সিটি কলেজের পাশে কে বা কারা দুটি ককটেল রেখে চলে যান।
ধানমন্ডি থানা–পুলিশ জানায়, ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে দুটি ককটেল দেখতে পেয়ে কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানটি ঘিরে রাখে। এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে ককটেল দুটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে।
চিরকুটের বিষয়ে ওসি ইমদাদুল ইসলাম বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে উদ্ধার হওয়া ককটেলের কাছাকাছি স্থানে একটা চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’।
চিঠির সঙ্গে ককটেলের কোনো সম্পর্ক আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি ইমদাদুল ইসলাম।