ডেমরায় বাবা–ছেলের ধস্তাধস্তি, ছুরিকাঘাতে বাবার মৃত্যু
রাজধানীর ডেমরায় বাবা–ছেলের ধস্তাধস্তির সময় ছুরিকাঘাতে বাবা মো. ইসরাফিল (৪৫) নিহত হয়েছেন। তিনি পেশায় নিরাপত্তাকর্মী ছিলেন। ঘটনার পর তাঁর ছেলে (কিশোর হওয়ায় নাম দেওয়া হলো না) পলাতক রয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ডেমরা উত্তর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পরিবারের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, ভোরে বাসায় এসে ইসরাফিল নেশা করার জন্য তাঁর স্ত্রীর কাছে টাকা দাবি করেন। তখন ছেলে পাশের কক্ষে ঘুমাচ্ছিলেন। বাবা–মায়ের ঝগড়া শুনে সে উঠে আসে। এরপর কথা–কাটাকাটি থেকে এক পর্যায়ে বাবা–ছেলে ধস্তাধস্তি করে। এ সময় বাবার হাতে থাকা ছুরি কেড়ে নিয়ে ছেলে বাবার বুকে আঘাত করে। এতে ইসরাফিল মারা যান।
অন্যদিকে নিহত ব্যক্তির স্ত্রী সুরিয়া বেগম দাবি করেন, ধস্তাধস্তির সময় ইসরাফিলের নিজের ছুরিই তাঁর বুকে লাগে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, সকালে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ইসরাফিলের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বেলা পৌনে দুইটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ইসরাফিলের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুতাপাড়া গ্রামে। বর্তমানে তিনি ডেমরার উত্তর বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।